কারবালায় ইমাম হোসাইন ( আ:) এর শাহাদতের চেতনায় অন্যায় ও বাতিলের বিরুদ্ধে হক প্রতিষ্ঠার দীপ্ত শপথ গ্রহণ এবং ইসলাম, দেশ ও জাতির কল্যাণ কামনার মধ্যদিয়ে বৃহস্পতিবার বাংলাদেশে যথাযোগ্য ধর্মীয় মযার্দায় মানব ইতিহাসের সবচেয়ে শোকাবহ দিন পবিত্র আশুরা পালিত হয়েছে । পবিত্র আশুরা উপলক্ষ্যে বৃহস্পতিবার দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল নফল নামাজ, কোরআনখানি, আলোচনা সভা ও বিশেষ মোনাজাত । এছাড়া এ উপলক্ষ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল বের করা হয় । ঢাকার হোসেনী দালান থেকে ঐতিহ্যবাহী বিশাল তাজিয়া মিছিল বের করা হয় । এতে শত শত নারী পুরুষ হায় হোসেন, হায় হোসেন রব তুলে মিছিলে অংশ নেন । মুসলমানরা ইমাম হোসেন (আ:) এর আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়াবার প্রত্যাশা ব্যক্ত করেন । পবিত্র আশুরা উপলক্ষ্যে বিভিন্ন সংগঠন আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তাগণ বলেন, বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হয়ে দ্বীন ও হক প্রতিষ্ঠায় ইমাম হোসাইন ( আ:) এর ত্যাগের দ্বারা উদ্বুধ্ধ হয়ে অন্যায় - অত্যাচার প্রতিরোধ এবং ইহুদি - নাসারাদের অত্যাচার-নির্যাতন ও হত্যার জবাব দিতে হবে জেহাদে অবতীর্ণ হওয়ার মাধ্যমে ।সাবেক বিচারপতি আব্দুর রউফ বলেন, ফিলিস্তিনের জনগণের উপর ইহুদীবাদী ইসরাইল যে ভাবে অত্যাচার নিযার্তন চালিয়ে যাচ্ছে তা ইমাম হোসেইনের ওপর ইয়াজিদ বাহিনীর অত্যাচারকে স্মরণ করিয়ে দেয় । তিনি বলেন, বর্তমানে গাজার উপর যেভাবে হামলা নিযার্তন করা হচ্ছে তা শুধু ফিলিস্তিনীদের উপর নয়,বরং সারা বিশ্বের মুসলমানদের উপর । তিনি আরো বলেন, আরব বিশ্ব ফিলিস্তিনী জনগণের পাশে কাযর্করভাবে দাঁড়াতে পারছে না যা দুঃখজনক । বিচারপতি রউফ বলেন, যারা ইসরাইলকে সহায়তা ও সমর্থন দিয়ে যাচ্ছে তাদের সাথে মুসলমানদের সম্পর্ক ছিন্ন করা উচিত । তিনি আরো বলেন,ইমাম হোসেইন আত্মত্যাগের মাধ্যমে সত্য ও ন্যায়কে প্রতিষ্ঠা করে গেছেন । আশুরার এই দিন থেকে সত্য ও ন্যায়কে প্রতিষ্ঠার জন্য সবাইকে শপথ নিতে হবে । ঢাকার একটি স্কুলের শিক্ষিকা জিনাত সালেহ বলেন, ফিলিস্তিনের জনগণ যে ভাবে সামান্য অস্ত্র নিয়ে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত ইসরাইলী বাহিনীর মোকাবিলা করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম করে যাচ্ছে তা থেকে বাংলাদেশের মুসলমানদেরও অনেক শিক্ষণীয় রয়েছে। তিনি বলেন,ফিলিস্তিনের জনগণের সাথে একাত্বতা ঘোষণা করে তাদের ন্যায়ের যুদ্ধে সমর্থন দেবার মাধ্যমে ইমাম হোসেন আ: এর ত্যাগের শিক্ষাকে যথার্থ ভাবে মূল্যায়ন করতে হবে । আলেম সমাজের নেতৃবৃন্দ বলছেন,মুসলমানরা ঐক্যবদ্ধ হতে না পারলে শত্রুরা তাদের অভিষ্ট লক্ষ্য অর্জনে বিভিন্ন রকম চক্রান্ত অব্যাহত রাখবে। ইমাম হোসেইনের আদর্শে উজ্জীবিত হতে পারলে সত্য ও ন্যায়ের বিজয় সময়ের ব্যাপার মাত্র । #