IQNA

ইসরাইলের বর্বর হামলার শিকার গাজার অসহায় মানুষের সমর্থনে বিক্ষোভ সমাবেশ পরিস্থিতিকে আরো জটিল করবে : সৌদি আরবের মুফতি

10:25 - January 12, 2009
সংবাদ: 1729812
সৌদি আরবের মুফতি বলেছেন, আরব ও ইসলামী দেশগুলোতে গাজায় ইসরাইলের অমানবিক হামলার বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ পরিস্থিতিকে আরো জটিল করবে ।
ফরাসী বার্তাসংস্থা এ এফ পির বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সৌদি আরবের ওলামা পরিষদের সভাপতি মুফতি আব্দুল আযিয আল শেইখ বলেছেন, গাজায় ইসরাইলের অব্যাহত গণহত্যার বিরুদ্ধে অধিকাংশ আরব ও ইসলামী দেশে শনিবার যে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে তা পরিস্থিতিকে আরো জটিল করা ছাড়া আর কোন সুফল বয়ে আনবে না । গাজার মজলুম মানুষের পক্ষে মিছিল সমাবেশ যদি কল্যাণকর না হয়ে থাকে তাহলে কি ধরনের পদক্ষেপ ইসরাইলের বর্বর হামলার শিকার গাজার মানুষের জন্য কল্যাণ বয়ে আনতে পারে এমন এক প্রশ্নের জবাবে সৌদি মুফতি আব্দুল আযিয আল শেইখ বলেন, বিক্ষোভ ও মিছিল সমাবেশ গলাবাজি ও হৈচৈ ছাড়া আর কিছুই নয় এবং এসব গলাবাজি ফিলিস্তিনীদের জন্য কোন সুফল বয়ে আনবে না । বরং আর্থিক কিংবা মানবিক সাহায্য তাদের কাজে আসতে পারে । ফিলিস্তিনের গাজার নিরপরাধ মানুষের উপর ইহুদিবাদী ইসরাইলী সেনাদের অমানবিক হামলার প্রতিবাদে শানিবার অধিকাংশ আরব ও ইসলামী দেশে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা এসময় গাজায় ইসরাইলের বর্বর হত্যাযজ্ঞের নিন্দা জানিয়ে গাজার মজলুম মানুষের প্রতি তাদের সমর্থন ঘোষণা করে ।উল্লেখ্য এর আগে গত সপ্তায় সৌদি আরবের ‘হায়ার জুড়িশিয়াল বোর্ডের’ প্রধান সলেহ আল হেইদান গাজার মানুষের প্রতি সমর্থনকে অর্থহীন হিসেবে উল্লেখ করে একে নিরাপত্তাহীনতা ও বিশৃংখলা সৃষ্টির কারণ বলে বর্ণনা করেন। # 346552
captcha