IQNA

গাজা উপত্যকায় ইসরায়েলের সর্বাত্মক হামলা/ ইন্টারনেট পুরোপুরি বিচ্ছিন্ন 

18:05 - October 28, 2023
সংবাদ: 3474573
তেহরান (ইকনা): শুক্রবার ৫ম নভেম্বর সন্ধ্যায়, ইহুদিবাদী শাসক গাজা উপত্যকায় সর্বাত্মক বিমান, স্থল এবং সমুদ্র পথে আক্রমণ শুরু করেছে। একই সাথে এই অঞ্চলে ইন্টারনেট এবং যোগাযোগ লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় শুক্রবার রাতে ভয়াবহ বোমাবর্ষণের পাশাপাশি স্থল হামলা আরও জোরদার করেছে । গাজার সঙ্গে পুরো পৃথিবীর যে যো সামান্য যোগাযোগ ছিল তা শুক্রবার রাতে সম্পূর্ণ বিচ্ছিন্ন বলে জানিয়েছে কাতার-ভিত্তিক নিউজ চ্যানেল আল-জাজিরা।
 
চ্যানেলটির সংবাদদাতারা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যার পরপর কয়েক  ঘণ্টা ধরে গাজায় বিরামহীন বোমাবর্ষণ করেছে মানবতার শত্রু ইহুদিবাদী ইসরাইল। অবর্ণনীয় মানবিক বিপর্যয়ের মধ্যেই গাজায় এবার নেমে এসেছে যোগাযোগ বিপর্যয়। ভেঙে পড়েছে উপত্যকার টেলিফোন ও ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা।
 
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক মারওয়ান জিলানি অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা থেকে আল-জাজিরাকে জানিয়েছেন, পশ্চিম তীরের স্বাস্থ্য বিভাগ গাজায় তাদের দলের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ হারিয়েছে।
 
গাজার খান ইউনিস এলাকায় কর্মরত একজন সাংবাদিক বলেন, গাজার মানবিক পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। এখানকার ২৩ লাখ মানুষ বর্তমানে পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তারা আত্মীয় বা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।
 
জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ ও আন্তর্জাতিক দাতব্য সংস্থা অ্যাকশনএইডও জানিয়েছে যে, গাজায় তাদের কর্মীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফিলিস্তিন টেলিযোগাযোগ কোম্পানি প্যালটেল ও ইন্টারনেট মনিটরিং গ্রুপ নেটব্লকস পৃথক বিবৃতিতে গাজায় তাদের নেটওয়ার্ক বিপর্যয়ের কথা জানিয়েছে।
 
এদিকে আকাশ থেকে তীব্র বোমাবর্ষণের পাশাপাশি সীমিত পর্যায়ে স্থল অভিযানও চালিয়ে যাচ্ছে মানবতার শত্রু  ইসরাইল। শুক্রবার রাতে আরেকবার ট্যাংক ও বুলডোজার নিয়ে গাজায় অনুপ্রবেশ করার চেষ্টা করে দখলদার সেনারা। হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড বলছে, তারা বেইত হানুন ও আল-বারিজ শরণার্থী শিবিরের পূর্বে ইসরাইলি স্থল অনুপ্রবেশকে ঠেকিয়ে দিতে সক্ষম হয়েছেন। শুক্রবার গভীর রাত পর্যন্ত আগ্রাসী বাহিনীর সঙ্গে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ওই সংঘর্ষ চলে।
 
হামাসের সিনিয়র কর্মকর্তা ওসামা হামদান এক বিবৃতিতে বলেছেন, ইসরাইল বিজয়ের একটি চিত্র তৈরি করার চেষ্টা করছে। তিনি বলেন, গাজা উপত্যকার সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করা মানে ইসরাইলি দখলদারত্বের অপরাধগুলোকে কোনো তদারকি বা জবাবদিহিতা ছাড়াই ধামাচাপা দেওয়া।
captcha