IQNA

17:03 - August 23, 2026
সংবাদ: 3479668

আমেরিকায় কুরআন অবমাননাকারী গ্রেপ্তার

ইকনা’র প্রতিবেদন: আমেরিকার মিনিয়াপলিস সিটি হলের সামনে এক উগ্র ডানপন্থী কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি আগে একাধিকবার কুরআন পোড়ানোর ঘটনায় জড়িত ছিলেন।

আমেরিকায় কুরআন অবমাননাকারী গ্রেপ্তার

রাশিয়া টুডের বরাত দিয়ে জানা যায়, এই ইনফ্লুয়েন্সার বিরোধী বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষের পর বিদ্রোহের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।

জেক ল্যাং মিনিয়াপলিস সিটি হলের বাইরে বিদ্রোহের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। তিনি আগে ২০২১ সালের ৬ জানুয়ারি আমেরিকান কংগ্রেস ভবনে হামলার অভিযোগে চার বছর কারাভোগ করেছিলেন। পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমায় তিনি মুক্তি পান।

এবার তিনি যা ‘ক্রুসেডার ফ্রি স্পিচ র‍্যালি’ বলে বর্ণনা করেছিলেন, সেই বিক্ষোভে গ্রেপ্তার হয়েছেন। এটি মিনেসোটার সবচেয়ে বড় শহরে বর্ণবাদবিরোধী বিক্ষোভের বিরুদ্ধে অনুষ্ঠিত হয়। তিনি কালো আমেরিকানদের বিরুদ্ধে অবমাননাকর প্ল্যাকার্ড হাতে নিয়েছিলেন এবং তাঁর সহযোগীরা ক্রুশ নিয়ে উপস্থিত হয়েছিলেন। বিরোধী বিক্ষোভকারীরা গাড়ি আটকানোর চেষ্টা করেন এবং ল্যাংয়ের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুলিশ দুই পক্ষকে আলাদা করার চেষ্টা করতে গিয়ে তীব্র সংঘর্ষ হয়। শেষ পর্যন্ত ল্যাংসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বরে ল্যাং মিশিগানের ডিয়ারবর্নে কুরআন পোড়ানোর চেষ্টা করেছিলেন। এই এলাকায় বড় মুসলিম সম্প্রদায় রয়েছে। কিন্তু এক বিরোধী বিক্ষোভকারী তাঁকে বাধা দেন। মে মাসে তিনি আবার ডিয়ারবর্নের একটি মসজিদের বাইরে কুরআন পোড়ানোর চেষ্টা করেন, কিন্তু কেউ অগ্নি নির্বাপক যন্ত্র নিয়ে বাধা দিলে তিনি থেমে যান। জানুয়ারিতে তিনি ওয়াশিংটন ডিসিতে প্রো-ইসরাইলি লবি গ্রুপ এআইপ্যাকের সদর দপ্তরের বাইরে ‘বায়তুল মুকাদ্দাসকে আবার খ্রিস্টান বানান’ লেখা ব্যানার নিয়ে বিক্ষোভ করেছিলেন।

এর আগে মানবাধিকার সংস্থাগুলো এই ব্যক্তির কুরআন পোড়ানো ও অবমাননার নিন্দা জানিয়ে বলেছে, এ ধরনের পুনরাবৃত্তিমূলক কাজ মুসলিমদের অনুভূতিকে ইচ্ছাকৃতভাবে উসকে দেয় এবং সমাজে ধর্মীয় ঘৃণা ও শত্রুতা বাড়াতে সাহায্য করে।

সংস্থাগুলো আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সনদের ২০ নম্বর ধারার উল্লেখ করে বলেছে, জাতীয়, জাতিগত বা ধর্মীয় ঘৃণাকে উসকে দেওয়া — যা বৈষম্য, শত্রুতা বা সহিংসতার দিকে নিয়ে যায় — নিষিদ্ধ। মতপ্রকাশের স্বাধীনতাকে ধর্মীয় ঘৃণা উসকে দেওয়ার আড়াল হিসেবে ব্যবহার করা যাবে না। 4371334

captcha