IQNA

সৌদি আরব হজের আনুষ্ঠানিকতা শুরুর জন্য প্রস্তুত

23:39 - May 25, 2026
সংবাদ: 3479218
হজের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বাইতুল্লাহর প্রথম দলের হাজিরা মিনায় পৌঁছেছেন এবং হজ ১৪৪৭ হিজরির জন্য সকল প্রস্তুতি — বিশেষ করে ইয়াওমুত তারবিয়া (৮ জিলহজ) — সম্পূর্ণ করা হয়েছে।
 

ইকনা প্রতিবেদন অনুসারে, ‘আজেল’ সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় ইয়াওমুত তারবিয়ার জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে। হাজিদের মিনায় স্থানান্তর, তাদের তাঁবুতে সুষ্ঠুভাবে পৌঁছানো এবং পবিত্র স্থানগুলোতে সেবার মান নিয়ন্ত্রণের জন্য একীভূত পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে।

মন্ত্রণালয়ের দায়িত্বের মধ্যে রয়েছে: হাজিদের আবাসস্থল ও খাবার কেন্দ্র থেকে মিনায় স্থানান্তর নিশ্চিত করা, তাঁবুতে প্রবেশের সুষ্ঠু ব্যবস্থাপনা, হাজিদের পথনির্দেশনা ও সচেতনতা বৃদ্ধি এবং অনুমোদিত পরিকল্পনা অনুসারে হাজিদের নির্ধারিত স্থানে পৌঁছে দেওয়া।

মন্ত্রণালয় আবাসন, খাবার ও পরিবহন সেবার প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেছে। পাশাপাশি মাঠপর্যায়ে নজরদারি বাড়িয়ে হাজিদের যেকোনো সমস্যা তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করা হয়েছে।

এই প্রস্তুতি যৌথ অপারেশন সেন্টার, নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ কেন্দ্রের মাধ্যমে সম্পন্ন হয়েছে। তারা হাজিদের চলাচল, সেবা এবং অপারেশনাল সূচকগুলো সার্বক্ষণিক নজরদারি করছে।

ইয়াওমুত তারবিয়া হজের সফরে একটি গুরুত্বপূর্ণ মোড়। এটি মিনায় মাঠপর্যায়ের কাজের শুরু নির্দেশ করে এবং হাজিদের স্বাচ্ছন্দ্য ও শান্তিতে হজ সম্পন্ন করার জন্য বিভিন্ন বিভাগের সমন্বিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে।

৮ জিলহজ (আজ ৪ জুন) ইয়াওমুত তারবিয়া। এই দিন হাজিরা হজের নিয়ত করেন এবং মক্কা থেকে ইহরাম বেঁধে মিনায় যান। সেখানে রাত্রিযাপন (বিতুত) করে পরদিন (৯ জিলহজ) আরাফাতের উদ্দেশ্যে রওয়ানা হন।

‘তারবিয়া’ শব্দের অর্থ পানি সংরক্ষণ করা। ঐতিহাসিকভাবে এই দিন হাজিরা আরাফাত ও মুজদালিফায় অবস্থানের জন্য পানি সংগ্রহ করতেন বলে এই নামকরণ।

captcha