লিবিয়ার একাদশ আন্তর্জাতিক তিলাওয়াত ও হিফজ কুরআন পুরস্কারের সেরা প্রতিযোগীদের নাম ঘোষণা করা হয়েছে এবং তাঁরা নিজেদের পুরস্কার গ্রহণ করেছেন।
ইকনা’র বরাত দিয়ে বাওয়াবাতুল ওয়াসাত জানিয়েছে, এই প্রতিযোগিতা লিবিয়ার সির্তে ৬০টি দেশের ১৩৪ জন প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।
ফ্রান্সের প্রতিনিধি মুহাম্মদ আফিফ বুহাসুন প্রথম স্থান, লিবিয়ার প্রতিনিধি আহমদ আবদুল্লাহ আল-কালিব দ্বিতীয় স্থান, ইয়েমেনের আবদুল্লাহ ফারেস মুহাম্মদ আলি মাইহুব তৃতীয় স্থান, ফিলিস্তিনের ওয়াসিম জাদাল্লাহ সালিম আবেদ চতুর্থ স্থান, পাকিস্তানের ইজাজুল্লাহ আলি জামান খান পঞ্চম স্থান, লিবিয়ার জিয়াদ মুহাম্মদ খলিল হাবিশ ষষ্ঠ স্থান, চাদের অংশগ্রহণকারী আলি আতিয়া সপ্তম স্থান, থাইল্যান্ডের অংশগ্রহণকারী হুসাইন আলি সামুহ অষ্টম স্থান, সিরিয়ার অংশগ্রহণকারী আবদুল আজিজ আতলি নবম স্থান এবং লিবিয়ার আলি মুহাম্মদ আল-ইউনসি দশম স্থান অধিকার করেছেন।
এই প্রতিযোগিতার দায়িত্বশীলদের ঘোষণা অনুসারে, প্রথম স্থান অধিকারী ৬০,০০০ ডলার, দ্বিতীয় স্থান অধিকারী ৪৫,০০০ ডলার, তৃতীয় স্থান অধিকারী ৩০,০০০ ডলার এবং চতুর্থ স্থান অধিকারী ১৫,০০০ ডলার পেয়েছেন। অবশিষ্ট পুরস্কারগুলো যথাক্রমে পঞ্চম স্থানের জন্য ১০,০০০ ডলার থেকে দশম স্থানের জন্য ৫,০০০ ডলার পর্যন্ত বিতরণ করা হয়েছে।
এই প্রতিযোগিতায় সঠিক কিরাআত (তাজবিদ) সহ পুরো কুরআন হিফজের অংশ এবং এছাড়া দুটি ঐচ্ছিক অংশ—শাতবিয়াহ ও আদ-দুররাহ পদ্ধতিতে দশ কিরাআত অনুসারে কুরআন হিফজ এবং তাফসিরসহ পুরো কুরআন হিফজ—অন্তর্ভুক্ত ছিল।
লিবিয়ার আন্তর্জাতিক তিলাওয়াত ও হিফজ কুরআন পুরস্কার প্রতি বছর এই দেশের ওয়াকফ ও ইসলামি বিষয় মহাপরিদপ্তরের তত্ত্বাবধানে আয়োজিত হয়, যার লক্ষ্য আল্লাহর কিতাবের হাফেজদের উৎসাহিত করা এবং আন্তর্জাতিক পর্যায়ে কুরআন হিফজ ও তিলাওয়াতে তাঁদের সক্ষমতা তুলে ধরা।4386027#