IQNA

ভারতে মুসলিমদের ওপর অধিকার লঙ্ঘন তীব্র আকার ধারণ করেছে

12:07 - May 21, 2026
সংবাদ: 3479196
ইকনা: ভারতে মুসলিমদের বিরুদ্ধে অধিকার লঙ্ঘনের ঘটনা তীব্রতর হওয়ায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

আল-আমাহ অনলাইন পত্রিকার বরাত দিয়ে জানানো হয়েছে, অন্ধ্রপ্রদেশ রাজ্যের কাদাপা শহরে সাম্প্রতিক ঘটনাবলি মুসলিমদের বিরুদ্ধে পুলিশের স্বেচ্ছাচারী গ্রেপ্তার ও বেছে বেছে নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে ভারতে মুসলিমদের অবস্থা নিয়ে আবারও বিতর্ক উস্কে দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, একটি সর্বজনীন ময়দানের নামকরণ নিয়ে হিন্দু গোষ্ঠী ও অন্যান্যদের মধ্যে বিরোধ দেখা দেয়। একদল মুসলিম নেতা ময়দানটির নামকরণ চেয়েছিলেন মুসলিম শাসক টিপু সুলতানের নামে। এই বিরোধ থেকে সংঘর্ষ ও সহিংসতা ছড়িয়ে পড়ে, যার পরে পুলিশ ব্যাপক অভিযান চালায়।

নাগরিক অধিকার সংস্থাগুলো জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে নাবালকরাও রয়েছে এবং আটককেন্দ্রে নির্যাতন ও দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। মুসলিমদের বিরুদ্ধে অন্যান্য গোষ্ঠীর তুলনায় আরও গুরুতর অভিযোগ আনা হয়েছে।

নিরীক্ষকরা মনে করেন, এসব ঘটনা ভারতে বিজেপি সরকারের আমলে (নরেন্দ্র মোদির নেতৃত্বে) চলমান বৃহত্তর রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনেরই অংশ।

মানবাধিকারকর্মী হর্ষ মান্দার বলেন, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর ঘটনা জনজীবনে বেড়েছে এবং ধর্মীয় বিভাজন সম্প্রতি বছরগুলোতে অভূতপূর্ব পর্যায়ে পৌঁছেছে।

বিশ্ববিদ্যালয় শিক্ষক আপুর্বানন্দ বলেন, হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো রাজনৈতিক ও মিডিয়ার সমর্থনে আরও সাহসী হয়ে উঠেছে, যা সংখ্যালঘুদের সাথে কর্তৃপক্ষের আচরণকে প্রভাবিত করছে।

সাম্প্রতিক বছরগুলোতে ভারতে নাগরিকত্ব সংশোধন আইন, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল এবং বিভিন্ন রাজ্যে সাম্প্রদায়িক সংঘর্ষের পর মুসলিমদের বাড়ি-ঘর ও প্রতিষ্ঠান ধ্বংসের মতো ঘটনা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

মানবাধিকার সংস্থাগুলোর মতে, এসব নীতি মুসলিম সম্প্রদায়ের মধ্যে বঞ্চিত হওয়ার অনুভূতি আরও গভীর করেছে। তবে ভারত সরকার দাবি করছে, তাদের পদক্ষেপ নিরাপত্তা ও আইনের শাসন নিশ্চিত করার জন্য এবং কোনো ধর্মীয় বৈষম্য ছাড়াই করা হয়েছে। 4353421#

captcha