
ইকনা’র বরাত দিয়ে জানানো হয়, সালফিতের পশ্চিমে আল-জাওয়িয়া শহরে দখলদার বাহিনী ব্যাপক অভিযান ও তল্লাশি চালায়। এ সময় ফিলিস্তিনি বাসিন্দাদের ঘরের আসবাবপত্র ভাঙচুর করা হয়, কয়েকজন যুবককে মারধর করা হয় এবং একটি বাড়িতে কুরআন শরীফ ছিড়ে ফেলা হয়।
স্থানীয় সূত্র জানায়, এই অভিযানে দখলদার সেনারা কয়েকজন যুবককে গ্রেপ্তার করে এবং তাদের ওপর ঘণ্টাব্যাপী মাঠপর্যায়ে জিজ্ঞাসাবাদ চালায়।
নাবলুসে দখলদার বাহিনী আসিরা আল-কিবলিয়া গ্রাম, কুরিয়ুত শহর, তুবাসের পূর্বে তিয়াসির গ্রাম এবং সালফিতের পশ্চিমে আল-জাওয়িয়া গ্রামে হামলা চালিয়ে গুলি ও শব্দবোমা নিক্ষেপ করে।
জেনিনেও দখলদার বাহিনী শরণার্থী শিবিরের কাছে ‘আল-হাদাফ’ এলাকায় একটি বাড়িতে হামলা চালিয়ে এক নারী ও তাঁর ছেলেকে গ্রেপ্তার করে।
ইসরায়েলি বাহিনী এছাড়া উত্তরাঞ্চলীয় আল-খলিল, অধিকৃত জেরুজালেমের উত্তরাংশ, দেইর আবু মাশ‘আল গ্রাম এবং রামাল্লাহর জালাজুন শরণার্থী শিবিরে হামলা চালিয়ে বাসিন্দাদের বাড়িতে তল্লাশি চালায়।
আল-খলিলে দখলদার বাহিনী শহরে হামলার পাশাপাশি ব্যাপক গ্রেপ্তার অভিযান চালায়। গ্রেপ্তারকৃতদের অধিকাংশই ছিলেন আগে মুক্তিপ্রাপ্ত বন্দি।
ফিলিস্তিনি সংস্থাগুলো গত মাসে পশ্চিম তীর ও অধিকৃত জেরুজালেমে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের মোট ১৬৫৯টি হামলার ঘটনা নথিভুক্ত করেছে।
এসব লঙ্ঘনের মধ্যে ৫৫১টি ছিল বসতি স্থাপনকারীদের সরাসরি হামলা, যাতে সালফিত ও রামাল্লাহ প্রদেশে দু’জন ফিলিস্তিনি শহীদ হন। 4358335#