ইকনা সংস্থার প্রতিবেদনে ফিলিস্তিন ইনফরমেশন সেন্টারের বরাতে জানানো হয়েছে, জায়োনিস্ট সত্তার চ্যানেল ১২ এই খবর প্রচার করেছে। প্রতিবেদনে বলা হয়, এই দুই গোয়েন্দা কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত এসেছে মোসাদের নতুন প্রধানের এই দৃষ্টিভঙ্গি ও বিশ্বাস থেকে যে, «ইরানে শাসনব্যবস্থা উৎখাতের পরিকল্পনাকারীদের তাদের ব্যর্থতার পরিণামের দায় নিতেই হবে।»
জায়োনিস্ট সত্তার সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট এ সপ্তাহে ইরানের বিরুদ্ধে যুদ্ধকে উদ্দেশ্যহীন এবং ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনকে অসম্ভব বলে বর্ণনা করেছেন।
জায়োনিস্ট সত্তার গণমাধ্যম এর আগে ‘বুট পরা বিড়াল’ নামের একটি গোপন ও ব্যর্থ পরিকল্পনার নতুন বিস্তারিত তথ্য প্রকাশ করেছিল। বলা হয়েছিল, ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ চলতি বছরের শুরুতে ইরানের শাসনব্যবস্থা উৎখাতের জন্য এই পরিকল্পনা তৈরি করেছিল।
ইসরায়েলি টেলিভিশনের চ্যানেল ১৩ জানিয়েছিল, এই পরিকল্পনার মূল ভিত্তি ছিল ইরান-ইরাক সীমান্তে, ইরানের কুর্দিস্তান অঞ্চলে ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনীর (সেপাহ) অবস্থানের ওপর ইসরায়েলি সামরিক হামলা। এই হামলার লক্ষ্য ছিল সশস্ত্র কুর্দি বাহিনীর ইরানের ভেতরে প্রবেশের পথ তৈরি করা এবং তাদের উত্তর-পশ্চিমের কুর্দি অধ্যুষিত শহরগুলোর দিকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া। 4368399#