IQNA

সালাহ’র জীবনযাপন দেখে ইসলাম ধর্ম গ্রহণ করি

14:36 - October 07, 2019
সংবাদ: 2609385
সালাহ’র জীবনযাপন দেখে ইসলাম ধর্ম গ্রহণ করি
আন্তর্জাতিক ডেস্ক: এক সময় যিনি মুসলিমদের মনেপ্রাণে ঘৃণা করতেন। আজ সেই তিনিই কিনা আকস্মিক ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন। এর নেপথ্যে আর কেউ নন, লিভারপুলের মিসরীয় ফুটবলার মোহামদ সালাহ। তাকে দেখেই ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছেন বেন বার্ড।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে সাক্ষাৎকার দিয়েছেন বার্ড। সেখানে তিনি জানিয়েছেন কীভাবে ইসলামধর্ম গ্রহণ করলেন এবং মুসলিম হলেন। সাক্ষাৎকারটি নিয়েছেন তুষিক দীন। গতকাল বৃহস্পতিবার অনুলিখন আকারে পত্রিকায় এটি ছাপা হয়েছে।

এ সময় বার্ড বলেন, ‘জ্ঞান হওয়ার পর থেকেই আমি ইসলামকে ঘৃণা করে এসেছি। সদ্য সেখান থেকে সরে এসেছি। আমি মুসলিম হয়েছি। বাকি জীবনটা খাঁটি মুসলমান হিসেবে কাটাতে চাই।’

জানা যায়, বার্ড পেশায় মৌসুমি টিকিট বিক্রেতা। ইংল্যান্ডের নটিংহ্যাম ফরেস্ট ফুটবল ক্লাবে টিকিট বিক্রি করেন তিনি। সদ্য ইসলামধর্ম গ্রহণকারী এ ব্যক্তি বলেন, ‘সালাহ প্রথম মুসলিম, যার ভেতর আমি নিজেকে খুঁজে পেয়েছি। সে যেভাবে জীবনযাপন করে, যেভাবে মানুষের সঙ্গে কথা বলে- সেটি আমার হৃদয়ে দাগ কাটে এবং পরিবর্তন আনে। পরে আমি ইসলামধর্ম গ্রহণ করি।’

এ সময় মুসলিমদের প্রধান ধর্মগ্রন্থ পবিত্র কোরআন সম্পর্কে বার্ড বলেন, ‘কোরআন পড়ার সময় মানুষ ভিন্ন কিছু দেখে, যেটি মিডিয়ায় সবসময় আসে না। মুসলিম সম্প্রদায়ে আমি নতুন, এখনও শিখছি। এটা কঠিন। এটা জীবনধারার পরিবর্তন।’ এমটি নিউজ২৪

captcha