IQNA

20:14 - December 21, 2019
সংবাদ: 2609877

১৯ সপ্তাহ পর কাশ্মীরের জামিয়া মসজিদে জুমার নামাজ

আন্তর্জাতিক ডেস্ক: ভারত সরকার কর্তৃক কাশ্মীরের শ্রীনগরের জামিয়া মসজিদে ১৯ সপ্তাহ জুমার নামাজ বন্ধ থাকার পরে গতকাল মসজিদটিতে পুনরায় জুমার নামাজ আদায় করা হয়েছে।

১৯ সপ্তাহ পর কাশ্মীরের জামিয়া মসজিদে জুমার নামাজ

দ্য ইন্ডিয়ান টাইমসের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: জামিয়া মসজিদে ১৯ সপ্তাহ জুমার নামাজ বন্ধ থাকার পরে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে শতশত মুসল্লির উপস্থিতিতে গতকাল মসজিদটিতে পুনরায় জুমার নামাজ আদায় করা হয়েছে।
এই মসজিদের সকল প্রবেশপথে ভারতীয় পুলিশ বাহিনী উপস্থিত ছিল এবং তারা মুসল্লিদের যাতায়াত নিয়ন্ত্রণ করেছে।
“আহমাদ সাইয়্যেদ নাকশবান্দী”র ইমামতিতে জুমার নামাজ আদায় করা হয়েছে। গত ৪ মাস জুমার নামাজ বন্ধ করার জন্য ভারত সরকারকে নিন্দা জানিয়ে তিনি বলেছেন: আমরা সরকারের কাছে মিরওয়াজ ওমর ফারুকসহ (এই মসজিদের সাবেক পেশ ইমাম) গত কয়েক মাস ধরে কাশ্মীরে গ্রেপ্তার হওয়া অন্যান্যদের মুক্তির আহ্বান জানাচ্ছি।
গতকাল জুমার নামাজ আদায় করেছেন আব্দুল মাজিদ। তিনি বলেছেন: ১৯ সপ্তাহ পরে, আমরা এই ঐতিহাসিক মসজিদে নামাজ আদায় করলাম। দুর্ভাগ্যজনক যে, এই মসজিদের পেশ ইমাম ওমর ফারুক এখনও গৃহবন্দি রয়েছেন এবং তাকে মসজিদে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।
ভারতীয় পুলিশ গত মঙ্গলবার মসজিদ ছেড়ে চলে যায় এবং এই মসজিদটি পরিচালনা করার দায়িত্ব কাশ্মীর এন্ডোমেন্ট সোসাইটির উপর ন্যস্ত রয়েছে। দীর্ঘ চার মাস পর গত সপ্তাহে তারা এই মসজিদে প্রথম সভা করেছে।
উল্লেখ্য যে, নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে শ্রীনগরে অবস্থিত কাশ্মীরের অন্যতম বৃহৎ এই মসজিদটি গত ৫ আগস্ট থেকে বন্ধ ছিল। ঐ দিন ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মীরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন দেশটির কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে জারি করা হয় বিধিনিষেধ। এছাড়াও এই অঞ্চলে সামরিক আইন ঘোষণা করে।। কাশ্মীর জুড়ে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক সেনাসদস্য। এ পর্যন্ত কাশ্মীর থেকে কয়েকশ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ভারত সরকার।  iqna

 

captcha