IQNA

17:34 - June 15, 2021
সংবাদ: 2612965

সৌদিতে দুর্নীতির দায়ে ১৩৬ জন গ্রেপ্তার

তেহরান (ইকনা): দুর্নীতির দায়ে সৌদি আরবে দেশি-বিদেশি মিলিয়ে অন্তত ১৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রবিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সৌদির তদারকি ও দুর্নীতি দমন কর্তৃপক্ষ ‘নাজাহা’।

সৌদিতে দুর্নীতির দায়ে ১৩৬ জন গ্রেপ্তার

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সৌদি সরকারের প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, ন্যাশনাল গার্ড, স্বাস্থ্য, আইন, পৌর ও পল্লী, আবাসন এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন। তাদের বিরুদ্ধে ঘুষ, ক্ষমতার অপব্যবহার এবং জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।

নাজাহা জানায়, গত ১২ মে থেকে শুরু হওয়া শাওয়াল মাসজুড়ে দুর্নীতি দমন কর্তৃপক্ষ ৯১৪টি তদন্ত অভিযান চালায় এবং ৫৬২ জন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে। এদের মধ্যে শেষ পর্যন্ত ১৩৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিচার প্রক্রিয়া শুরুর কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এছাড়া দুর্নীতির কোনো খবর পেলে তা সঙ্গে সঙ্গে নাজাহাকে জানানোর আহ্বান জানানো হয়েছে। সূত্র: মিডল ইস্ট মনিটর

captcha