
সর্বশেষ জাতিসংঘের অনুমান অনুসারে, ২০৩০ সালে বিশ্বের জনসংখ্যা প্রায় সাড়ে ৮ বিলিয়ন হতে পারে। ২০৫০ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়াবে ৯ দশমিক ৭ বিলিয়ন এবং ২০৮০-এর দশকে সর্বোচ্চ ১০ দশমিক ৪ বিলিয়ন হবে। ২১০০ সাল পর্যন্ত সেই স্তরে থাকার পূর্বাভাস রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০৫০ সাল পর্যন্ত জনসংখ্যার অর্ধেকেরও বেশি বৃদ্ধি শুধুমাত্র আটটি দেশে কেন্দ্রীভূত হবে। দেশগুলো হচ্ছে- কঙ্গো, মিসর, ইথিওপিয়া, ভারত, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন এবং তানজানিয়া। ‘ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্ট ২০২২’ রিপোর্টে বিশ্বের জনসংখ্যা এখন ৭.৯৪২ বিলিয়ন রয়েছে এবং নভেম্বরের মাঝামাঝি এটি ৮ বিলিয়নে পৌঁছাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। জাতিসংঘের জনসংখ্যা বিভাগের পরিচালক জন উইলমোথ রিপোর্ট প্রকাশের জন্য একটি সংবাদ সম্মেলনে বলেন যে, জাতিসংঘের প্রজেকশন লাইন ৮ বিলিয়ন অতিক্রম করার তারিখ ১৫ নভেম্বর। তবে, তিনি উল্লেখ করেছেন, ‘আমরা ভান করি না যে, এটি প্রকৃত তারিখ এবং আমরা মনে করি যে, অনিশ্চয়তাটি বছরে কমপক্ষে প্লাস বা মাইনাস’। সূত্র : এপি।