
ইকনা নিউজ এজেন্সির প্রতিবেদন, কানাডা নিউজ ২৪ সূত্রে: কানাডার সরকার ঘোষণা করেছে যে, এই দুটি অফিস বন্ধ করে একটি নতুন ‘অধিকার ও সমতা বিষয়ক উপদেষ্টা পরিষদ’ গঠন করা হবে। এটি একটি বড় ধরনের পুনর্গঠনের অংশ বলে জানানো হয়েছে।
কানাডার ন্যাশনাল কাউন্সিল অব মুসলিমস এক বিবৃতিতে এই সিদ্ধান্তে গভীর হতাশা প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ২০২১ সালে অন্টারিওর লন্ডন শহরে একটি মুসলিম পরিবারের চার সদস্যকে গাড়ি চাপা দিয়ে হত্যার ঘটনার পর এই ইসলামবিদ্বেষ বিরোধী অফিস গঠন করা হয়েছিল।
বিবৃতিতে আরও বলা হয়েছে: “ইসলামবিদ্বেষ এখনো বাড়ছে। কানাডার মুসলিম সমাজের এখনো একটি প্রতিশ্রুতিবদ্ধ ও স্থায়ী নেতৃত্বের প্রয়োজন।”
কাউন্সিল একই সঙ্গে ইহুদি-বিদ্বেষ বিরোধী অফিস বন্ধের সিদ্ধান্ত নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলেছে, বর্তমান সামাজিক ও রাজনৈতিক উত্তেজনার মধ্যে এই সময়ে এই দুটি অফিস বন্ধ করা একেবারেই অযৌক্তিক।
কাউন্সিলের নির্বাহী পরিচালক স্টিফেন ব্রাউন ইসলামবিদ্বেষ বিরোধী অফিসের বিদায়ী প্রতিনিধি আমিরা আল-গোয়াবিকে ধন্যবাদ জানিয়ে তার মুসলিম সম্প্রদায়ের পক্ষে কাজের প্রশংসা করেন।
কাউন্সিল নতুন উপদেষ্টা পরিষদ গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানালেও জানিয়েছে যে, তারা সরকারের এই পদক্ষেপের বাস্তবায়ন খুব কাছ থেকে পর্যবেক্ষণ করবে এবং ইসলামবিদ্বেষের বিরুদ্ধে লড়াই ও নাগরিক অধিকার রক্ষায় কাজ চালিয়ে যাবে।
কানাডার সংস্কৃতি মন্ত্রী মার্ক মিলার বলেন: “আগের দুটি পদকে জাতীয় ঐক্য কমিশন এবং অধিকার ও সমতা বিষয়ক নতুন উপদেষ্টা পরিষদের অধীনে একীভূত করা হবে।”
তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত খরচ কমানোর জন্য নয়; বরং আরও সমন্বিত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার জন্য। নতুন পরিষদ সরাসরি মন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করবে এবং কানাডার বহুসংস্কৃতি আইন অনুসারে সামাজিক ঐক্য, বর্ণবাদ ও ঘৃণামূলক আচরণ মোকাবিলায় কাজ করবে। 4333447#