
ইকনা জানায়, ইরাকি সরকারি সংবাদ সংস্থার বরাতে—স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (২৪ এপ্রিল) জানিয়েছে, ইমাম জাওয়াদ (আ.)-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে কাজিমিয়ায় অনুষ্ঠিতব্য জিয়ারতের বিশেষ পরিকল্পনায় কোনো রাস্তা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়নি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ আলী আল-হাসসুন বলেন, মিলিয়ন মিলিয়ন জিয়ারতের উচ্চ নিরাপত্তা কমিটির সুপারিশ অনুসারে এবার কাজিমিয়ায় কোনো রাস্তা বন্ধ করা হবে না।
তিনি আরও বলেন, কমিটি যাত্রী ও নাগরিকদের স্বাভাবিক চলাচল এবং সহায়তা প্রদানের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে।
মুখপাত্র জানান, জিয়ারতকারীদের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, উচ্চ নিরাপত্তা কমিটি নিরাপত্তা ও সেবা খাতে সভ্য ও মানবিক আচরণ এবং মাতমের মিছিলগুলোর সঙ্গে পূর্ণ সহযোগিতার ওপর জোর দিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল আমির আল-শাম্মারি সকল নিরাপত্তা ও সেবা বিভাগের মধ্যে সমন্বয় বজায় রাখা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় ২৪ ঘণ্টা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।
এছাড়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী ও উচ্চ নিরাপত্তা কমিটির প্রধান আব্দুল আমির আল-শাম্মারি বুধবার কাজিমিয়ায় দ্বিতীয় ফেডারেল পুলিশ ডিভিশনের সদর দপ্তরে এক ব্যাপক বৈঠকের সভাপতিত্ব করেন। বৈঠকে সেবা কমিটি ও বিভিন্ন নিরাপত্তা কমান্ডার উপস্থিত ছিলেন।
বিবৃতিতে বলা হয়, বৈঠকে ইমাম জাওয়াদ (আ.)-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে নিরাপত্তা ইউনিটের মোতায়েন, সেবা বাহিনীর বণ্টন এবং সমন্বয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা যাত্রীদের নিরাপত্তা ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতির ওপর জোর দেন।
ইমাম মুহাম্মদ তাকী (আ.) যিনি ইমাম জাওয়াদ (আ.) নামে পরিচিত, ১৭ বছর ইমামতের পর ২২০ হিজরিতে মাত্র ২৫ বছর বয়সে শাহাদাতবরণ করেন। তিনি শিয়া ইমামদের মধ্যে সর্বকনিষ্ঠ বয়সে শাহাদাতবরণকারী ইমাম। 4352254