IQNA

হযরত জয়নাব (সা.)-এর মাযারের খতিবের শাহাদাত: সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া

12:20 - May 02, 2026
সংবাদ: 3479107
ইকনা: রাজধানী দামেস্কের উপকণ্ঠে অবস্থিত হযরত জয়নাব (সা.)-এর পবিত্র মাযারের খতিবকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনাকে অত্যন্ত বিপজ্জনক আখ্যা দিয়ে মন্ত্রণালয় জানিয়েছে, দেশের স্থিতিশীলতা নষ্ট ও ফিতনা সৃষ্টির উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে কঠোরভাবে জবাবদিহির আওতায় আনা হবে।

আল-আরাবি আল-জাদিদ-এর বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, সাম্প্রতিক দিনগুলোতে দেশের নিরাপত্তা ও সামাজিক শান্তি বিঘ্নিত করার জন্য যেসব সংগঠিত প্রচেষ্টা চালানো হচ্ছে, সেগুলো তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

গত রাতে প্রকাশিত ওই বিবৃতিতে উল্লেখ করা হয়, হযরত জয়নাব (সা.)-এর দরবারের খতিব ফারহান হাসান আল-মানসুর তার ব্যক্তিগত গাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছেন। এই হামলাকে ধর্মীয় ও সামাজিক ব্যক্তিত্বদের টার্গেট করে চালানো এক বিপজ্জনক উসকানিমূলক ধারাবাহিকতার অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, এ ধরনের অপরাধ কোনোভাবেই ছাড় পাবে না এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে ঘটনার বিস্তারিত তদন্ত ও অপরাধীদের শনাক্তে কাজ শুরু করেছে।

এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন “আল-ইখবারিয়া” জানিয়েছে, গাড়ির ভেতরে গ্রেনেড বা বোমা বিস্ফোরণের মাধ্যমে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে ফেলে এবং ব্যাপক তদন্ত শুরু করে।

উল্লেখ্য, জয়নাবিয়া এলাকা পূর্বেও সন্ত্রাসী হামলার লক্ষ্যবস্তু হয়েছে। বিশেষ করে ২০২৫ সালের জানুয়ারিতে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, তথাকথিত আইএস গোষ্ঠীর একটি বিস্ফোরণ পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে, যা পবিত্র দরবারের ভেতরে হামলার উদ্দেশ্যে করা হয়েছিল। 4349831#

captcha