
আলজাজিরার বরাত দিয়ে ইকনা জানিয়েছে, রবিবার সকালে চরমপন্থী ইহুদি বসতি স্থাপনকারীরা মসজিদুল আকসার প্রাঙ্গণে হামলা চালিয়ে সেখানে তাদের উগ্রবাদী ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করে। এ সময় ইসরায়েলি দখলদার বাহিনী পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের ওপর হামলা অব্যাহত রেখেছে এবং তাদের আবাসিক ও বাণিজ্যিক সম্পত্তি ধ্বংস করেছে।
একই প্রসঙ্গে, জেরুজালেমের গভর্নরেট জানিয়েছে যে, বসতি স্থাপনকারীরা মসজিদুল আকসায় হামলা চালিয়ে কুব্বাতুস সাখরার কাছে ইসরায়েলি পতাকা উত্তোলন করেছে।
ফিলিস্তিনি সরকারি সংবাদ সংস্থা ওয়াফা এও নিশ্চিত করেছে যে, এই হামলা ইসরায়েলি পুলিশের সুরক্ষায় পরিচালিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক ডজন বসতি স্থাপনকারী দলবদ্ধভাবে বাব আল-মাগারিবা দিয়ে মসজিদুল আকসার প্রাঙ্গণে প্রবেশ করে এবং সেখানে তাদের বর্ণবাদী তালমুদি অনুষ্ঠান পালন করেছে। তারা মসজিদের উঠানে উস্কানিমূলকভাবে ঘোরাফেরা করেছে এবং ইসরায়েলি জাতীয় সঙ্গীত গেয়েছে।
মসজিদুল আকসার খুব কাছে, একদিন আগের একটি ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলি পুলিশ ও সেনারা জেরুজালেমের ঈসাওয়িয়া এলাকার যুবক জাওয়াদ উবাইদের ওপর বাব আল-আমুদের কাছে হামলা চালিয়েছে।
যুবকের চিৎকার এবং কয়েকজন নাগরিকের বাধা দেওয়ার চেষ্টা সত্ত্বেও, ভিডিওতে দেখা যায়, সেনারা তাকে মাটিতে ফেলে পালাক্রমে নির্মমভাবে মারধর করছে।
বাব আল-আমুদের কাছে মাসারা এলাকায়, ইসরায়েলি দখলদার বাহিনী একটি ফিলিস্তিনি মালিকানাধীন রেস্তোরাঁ ধ্বংস করেছে। এ ঘটনা নিশ্চিত করে যে, দখলদাররা জেরুজালেমে ফিলিস্তিনিদের অর্থনৈতিক ও জীবিকা সংক্রান্ত স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে।
জেরুজালেম গভর্নরেটের প্রতিবেদন অনুসারে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ইসরায়েলি দখলদার বাহিনী শহরে ২০০টির বেশি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করেছে অথবা মালিকদেরকে নিজেরাই ধ্বংস করতে বাধ্য করেছে। 4355403#