IQNA

আলজেরিয়ায় একাধিক মসজিদ ও কুরআন শিক্ষাকেন্দ্র উদ্বোধন

12:52 - April 15, 2026
সংবাদ: 3479068
ইকনা- আলজেরিয়ার ধর্ম ও ওয়াকফ বিষয়ক মন্ত্রী ইউসুফ বালমাহদী মাদিয়া প্রদেশে একাধিক মসজিদ ও কুরআন শিক্ষাকেন্দ্র উদ্বোধন করেছেন।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তিনি প্রথমে বেন শিকাও অঞ্চলে “আল-কুদস মসজিদ” উদ্বোধন করেন, যেখানে প্রায় ১২০০ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। এরপর আইন বুসিফ এলাকায় “উমর ইবন খাত্তাব মসজিদ” উদ্বোধন করা হয়, যার ধারণক্ষমতা ৫০০০-এরও বেশি মুসল্লি।

এছাড়া তিনি দুটি কুরআন শিক্ষাকেন্দ্রও উদ্বোধন করেন। প্রথমটি আল-আমারিয়াহ এলাকায় অবস্থিত, যেখানে শ্রেণিকক্ষ, ছাত্রাবাস, ক্যাফেটেরিয়া ও একটি সম্মেলন কক্ষ রয়েছে। দ্বিতীয়টি উলাদ ইব্রাহিম এলাকায়, যেখানে কুরআন শিক্ষা ও তিলাওয়াতের জন্য শ্রেণিকক্ষ, একটি গ্রন্থাগার ও নামাজের স্থান রয়েছে।

বর্তমানে এই প্রতিষ্ঠানগুলোতে প্রায় ৪৭০ জন শিক্ষার্থী (ছেলে ও মেয়ে) পড়াশোনা করছে। পাশাপাশি ১১৪ জন শিক্ষার্থী সাক্ষরতা কর্মসূচিতেও অংশগ্রহণ করছে।

মন্ত্রী সফরকালে ২৮০০ মুসল্লি ধারণক্ষমতাসম্পন্ন একটি নতুন মসজিদ নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন, যেখানে কুরআন শিক্ষা ও তিলাওয়াতের জন্য একাধিক শ্রেণিকক্ষ থাকবে। প্রকল্পটির প্রায় ৩০ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন, নবউদ্বোধিত ও বিদ্যমান কুরআন শিক্ষাকেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সহজ করতে, যাতে বেশি মানুষ এসব প্রতিষ্ঠানের সুবিধা নিতে পারে।

একইসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, কুরআন শিক্ষাকেন্দ্র ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো ফরাসি উপনিবেশ আমল থেকে শুরু করে আজ পর্যন্ত আলজেরিয়ার ধর্মীয় পরিচয় সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

তিনি এসব প্রতিষ্ঠানকে সমাজে সচেতনতা তৈরির কেন্দ্র হিসেবে উল্লেখ করে বলেন, এগুলো জাতির ধর্মীয় ঐতিহ্য রক্ষা, সামাজিক সমস্যা প্রতিরোধ এবং শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 

captcha