IQNA

ইসলামবিদ্বেষী স্লোগানের কারণে স্পেনের বিরুদ্ধে ফিফার শাস্তিমূলক ব্যবস্থা শুরু

9:26 - April 25, 2026
সংবাদ: 3479085
ইকনা- স্পেনের ফুটবল সমর্থকদের ইসলামবিদ্বেষী স্লোগানের অভিযোগে দেশটির ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা শুরু করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা।

একনা’র বরাতে জানা যায়, ফরাসি বার্তা সংস্থাকে ফিফা জানিয়েছে, মিশরের বিপক্ষে স্পেনের একটি প্রীতি ম্যাচে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ৩১ মার্চ বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচে কিছু দর্শক “যে লাফ দেবে না, সে মুসলমান” বলে স্লোগান দেয়, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

ফিফা জানিয়েছে, এই ঘটনার তদন্তে স্পেন ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে আনুষ্ঠানিক শৃঙ্খলামূলক প্রক্রিয়া শুরু করা হয়েছে।

এটি স্পেনের ফুটবলে সাম্প্রতিক বছরগুলোতে ঘটে যাওয়া বৈষম্যমূলক ঘটনার ধারাবাহিকতার অংশ। এর আগে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন।

এদিকে, স্পেনের পুলিশ ইসলামবিদ্বেষী ও বিদেশিবিদ্বেষী স্লোগানের বিষয়টি তদন্ত করছে। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘটনাটিকে “অগ্রহণযোগ্য” আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছেন এবং বলেছেন, একটি অশিক্ষিত সংখ্যালঘু গোষ্ঠীকে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে দেওয়া হবে না।

স্পেন ফুটবল ফেডারেশনও এই স্লোগানের নিন্দা জানিয়েছে। একই সঙ্গে স্পেন দলের মুসলিম খেলোয়াড় লামিন ইয়ামাল এই ধরনের আচরণকে “অজ্ঞ ও বর্ণবাদী” ব্যক্তিদের কাজ বলে উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়েছেন।

অন্যদিকে, অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে বলেন, এটি শুধু একটি দেশের সমস্যা নয়; বরং এটি একটি বৈশ্বিক সামাজিক সমস্যা, যা স্পেন, আর্জেন্টিনা ও ব্রাজিলসহ বিভিন্ন দেশে দেখা যাচ্ছে। তিনি সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান ও খেলাধুলার মাঠে পারস্পরিক সম্মানবোধ ফিরিয়ে আনার আহ্বান জানান।

 

4348200

captcha