
Word buletin এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : জাতিসংঘ মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলমানদের ওপর সাম্প্রতিক হত্যাযজ্ঞের বিষয়ে তদন্ত করতে সেদেশের সরকারের কাছে দাবি জানিয়েছে।
মিয়ানমারে সহিংসতা বাড়তে থাকার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে গত বৃহস্পতিবার প্রদত্ত এক বিবৃতিতে তিনি চলতি মাসের গোঁড়ার দিকে পশ্চিম মিয়ানমারের দু চি ইয়ার তান গ্রামে বৌদ্ধদের হামলায় অন্তত ৪৮ জন মুসলমান নিহত হওয়ার ঘটনার তদন্তের দাবী জানান।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার নাভি পিল্লাই বলেছেন, আমি দু চি ইয়ার তান গ্রামে প্রাণহানির ঘটনার নিন্দা জানাচ্ছি এবং এই হত্যাযজ্ঞের বিষয়ে দ্রুত, পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত চালাতে কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি। হত্যাযজ্ঞের শিকার ও তাদের পরিবারগুলোর জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে হবে বলেও তিনি দাবি জানান।
তিনি বলেন : ঐ ঘটনার ৪ দিন পর চালানো হামলায় রোহিঙ্গা এক মুসলিমের হাতে একজন পুলিশ অফিসার নিহত হওয়ার পর নিরাপত্তা বাহিনী ৪০ জন রোহিঙ্গা মুসলমানকে হত্যা করে। যাদের মাঝে নারী ও শিশুরাও ছিল।