
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন জনাব আফসার আলী ও জনাব আতিয়ার রহমান।
আলোচনায় অংশ নেন ঝিনাইদাহ কালিগঞ্জ থেকে আগত বিশিষ্ট অতিথি জনাব ফিরোজ মাহমুদ, হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাক, খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক কোলাহল ও পাক্ষিক ফজর পত্রিকার সম্পাদক এবং বিশিষ্ট আইনজীবি এ্যাড. ড. মো. জাকির হোসেন, ইসলামী শিক্ষা কেন্দ্রের শিক্ষক হুজ্জাতুল ইসলাম মোঃ আনিসুর রহমান প্রমূখ।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলীল রাজাভী। তিনি বলেন, ১৯৭৯ সালের ১১ই ফেব্রুয়ারী হযরত ইমাম খোমেনী (রহ.) এর নেতৃত্বে আড়াই হাজার বছরের রাজতন্ত্রকে উত্খাত করে যে ইসলামী বিপ্লব প্রতিষ্ঠা লাভ করেছিল তার পেছনে গুরুত্বপূর্ণ তিনটি নিয়ামক শক্তি ভূমিকা রেখেছিল। আর এটাই ছিল বিপ্লবের প্রেরণার উত্স।
এক. ৬১ হিজরীতে কারবালায় ইমাম হোসাইন (আঃ) এর শাহাদাতের চেতনা। দুই. ধর্মীয় তথা বেলায়েতে ফকীহ বা সর্বোচ্চ আলেম সমাজ বা মারজাগণের নিরঙ্কুশ ক্ষমতা। তিন. অর্থনৈতিক ক্ষেত্রে গতি সঞ্চালনে খুমসের প্রচলন।
এই তিনটি শক্তি একত্রিত হয়ে বিপ্লব ত্বরান্বিত করেছে এবং এর উপরেই ভর করে বিপ্লব টিকে আছে এবং টিকে থাকবে ইনশাআল্লাহ।
তিনি সকলকে ইরানের ইসলামি বিপ্লব থেকে শিক্ষা গ্রহণ এবং মুসলমানদের মধ্যে বৃহত্তর ঐক্যের আহ্বান জানান। অনুষ্ঠানে গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তারিখ : ০৭/০২/২০১৪ইং
মোঃ ইকবাল (সেক্রেটারী, আঞ্জুমান-এ-পাঞ্জাতানী, ১২ আলতাপোল লেন, খুলনা)