
Europe1.fr ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : হযরত নূহ (আ.) মুভিতে ইসলামি শিক্ষার পরিপন্থী বিষয় বিদ্যমান থাকায় এর প্রতিবাদে বিবৃতি প্রদান করেছে আল-আযহার ইসলামি বিশ্ববিদ্যালয়। এরই ধারাবাহিকতায় কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ এ চলচ্চিত্র প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এ মুভির নির্মাতারা জানিয়েছেন যে, ধারণা করা হচ্ছে এ নিষেধাজ্ঞা মিশর, জর্ডান ও কুয়েতেও জারী হতে পারে। এদিকে বিভিন্ন ইসলামি দেশে এ চলচ্চিত্র প্রদর্শন বন্ধের লক্ষ্যে ইতিমধ্যে প্রচারণা শুরু হয়েছে।
আল-আযহার ইসলামি বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে ঘোষণা করেছে যে, আল্লাহর নবীগণ (আ.) এবং মহানবী (স.) এর সাহাবীদের ছবি প্রদর্শন করা হয় এমন শিল্পকর্ম নবী (আ.) গণের মর্যাদা ও সম্মানের পরিপন্থী।
উল্লেখ্য, হযরত নূহ (আ.) নামক এ মুভি আগামী ২৬শে মার্চ যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়ার পূর্বেই মিশরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। নিউজল্যান্ডের অভিনেতা রাসেল ক্রো’কে এ মুভিতে হযরত নূহ (আ.) এর চরিত্রে দেখানো হয়েছে।#1384742