IQNA

13:03 - August 18, 2026
সংবাদ: 3479646

কাবুলের পশ্চিমে বিস্ফোরণের পর আফগানিস্তানের শিয়া আলেম পরিষদের নিরাপত্তা জোরদারের আহ্বান

কাবুলের পশ্চিমে বিস্ফোরণের পর আফগানিস্তানের শিয়া আলেম পরিষদের নিরাপত্তা জোরদারের আহ্বান

ইকনা’র প্রতিবেদন: আফগানিস্তানের শিয়া আলেম পরিষদ কাবুলের পশ্চিমে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার নিন্দা জানিয়ে অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা কর্তৃপক্ষের কাছে স্কুল, শিক্ষার্থী ও শিক্ষাকেন্দ্রগুলোর নিরাপত্তায় আরও জোরদার ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

আফগান ভয়েস নিউজ এজেন্সি (আভা)-এর বরাত দিয়ে জানা যায়, পরিষদ এক বিবৃতিতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা সতর্ক করে বলেছে, এই ঘটনা রাজধানীতে, বিশেষ করে আবাসিক এলাকা ও শিক্ষাকেন্দ্রগুলোতে নতুন করে হামলা ও অস্থিরতার ঢেউ তৈরির আশঙ্কা বাড়িয়ে দিতে পারে।

কাবুল পুলিশ জানিয়েছে, গতকাল সোমবার স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে কাবুলের পশ্চিমে শহরক মাহদিয়া এলাকার ‘শামে হিদায়াত’ স্কুলে একটি হাতে নিক্ষেপযোগ্য গ্রনেড বিস্ফোরিত হয় এবং কয়েক ডজন মানুষ আহত হন।

নিরাপত্তা সংস্থা জানিয়েছে, নিরাপত্তা দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত শুরু করেছে।

‘হাশত-ই সোবহ’ পত্রিকা আজ জানিয়েছে, কাবুলের পশ্চিমে শামে হিদায়াত স্কুলের কাছে বিস্ফোরণে আহতের সংখ্যা বেড়ে ৫২ জনে পৌঁছেছে।

পরিষদ নিরাপত্তা কর্তৃপক্ষের কাছে ঘটনার সার্বিক তদন্ত, দায়ীদের চিহ্নিতকরণ এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

আফগানিস্তানের শিয়া আলেম পরিষদ অন্তর্বর্তী সরকারের কাছে নাগরিকদের জানমালের নিরাপত্তা, বিশেষ করে স্কুল, শিক্ষার্থী ও শিক্ষাকেন্দ্রগুলোর নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে সরকার, আলেম, সামাজিক প্রতিষ্ঠান ও নাগরিকদের মধ্যে সহযোগিতার মাধ্যমে স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়েছে। জনগণকে শান্ত ও সতর্ক থাকতে এবং সন্দেহজনক বিষয় দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে জানাতে বলা হয়েছে।

কাবুলের পশ্চিমাঞ্চলের শিক্ষাকেন্দ্র ও আবাসিক এলাকায় হামলা গত কয়েক বছরেও ঘটেছে, যা এই অঞ্চলের নাগরিক ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

এখনো কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তালেবান গত সপ্তাহে দাবি করেছিল যে, তারা দায়েশ সন্ত্রাসী গোষ্ঠীর সব ঘাঁটি ধ্বংস করেছে, যারা সাধারণত এ ধরনের বিস্ফোরণ ঘটায়। 4370470#

captcha