ইসলামী প্রজাতন্ত্র ইরানে বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। ঈদের নামাজে প্রদত্ত খোতবায় ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ইরানসহ বিশ্বের সকল মুসলমানকে ঈদের শুভেচ্ছা জানিয়ে খোদা ভীতি বা তাকওয়া অর্জনের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, বিশ্ব কুদস দিবস উদযাপন থেকে প্রমাণিত হয়েছে ফিলিস্তিনের নাম নিশানা চিরতরে মুছে ফেলার জন্য দখলদার ইসরাইল ও তার মিত্রদের গত ৬০ বছরের চেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি বলেন, বর্তমান মুসলিম বিশ্বের জাগরণ ফিলিস্তিন ইস্যুটিকে আরো স্পর্শকাতর করে তুলেছে এবং মুসলমানদের এ সচেতনতা ও জাগরণ যদি ইসরাইল কর্তৃক ফিলিস্তিন জবর দখলের সময় বিদ্যমান থাকত তাহলে ইসরাইল কখনই ফিলিস্তিন দখল করতে পারতো না। ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর ইমামতিতে তেহরানের মুসাল্লায় অনুষ্ঠিত ঈদের জামাতে ইরানের প্রেসিডেন্ট ড: মাহমূদ আহমাদি নেজাদ, সংসদ স্পিকার ড: আলী লারিজানি ও বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ শাহরুদিসহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।এবারের ঈদের জামাতে মুসল্লিদের সংখ্যা এতই বেশি ছিল যে তেহরানের ইমাম খোমেনী মোসাল্লাহর মতো এতো বিশাল ঈদ গাহে মুসল্লিদের স্থান সংকুলান হচ্ছিলনা । ফলে মুসাল্লাহর গেইট পার হয়ে অনেক মুসল্লিকে রাস্তায় নামাযের জন্য দাঁড়াতে হয় । 302123 #