ইয়ামেনের সরকারী বার্তাসংস্থা ( SABA ) এর বরাত দিয়ে ইরানের কোরঅান বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইসলামী সম্মেলন সংস্থার মহাসচিব একমাল উদ্দিন এহসান ওগলু, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান মোহাম্মদ সাইয়্যেদ তানতাভী, ফিলিস্তিনের ইসলামী উচ্চ পরষদের সভাপতি আক্রামা সাবেরি, বিশ্ব মুসলিম উলামা পরিষদের সভাপতি ইউসুফ কারজাভী, মিশরের মুফতি আলী জুমএ এবং ওমানের গ্র্যান্ড মুফতি শেখ আহমাদ আল খালিলীসহ মুসলিম বিশ্বের আরো অনেক বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্বদের অংশগ্রহণের মধ্য দিয়ে গত শুক্রবার ইয়ামেনের রাজধানী সানায় ‘‘ শান্তি ও ভালোবাসার ধর্ম ইসলাম ’’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । সম্মেলনে ওমানের গ্র্যান্ড মুফতি শেখ আহমাদ আল খালিলী ‘ইসলাম ধর্মে মসজিদের গুরুত্ব’, ফিলিস্তিনের ইসলামী উচ্চ পরষদের সভাপতি আক্রামা সাবেরি ‘সমাজে মসজিদের ভূমিকা’ , ইরাকের মুসলিম উলামা পরিষদের সভাপতি হরাস আল জরি ‘ইসলামী ঐক্যের ভিত্তি’ বিষয়ক বিশেষ প্রবন্ধ উপস্থাপন করেন। এসব প্রবন্ধ উপস্থাপন করা ছাড়াও সম্মেলনে অংশগ্রহণকারী বিশিষ্ট ইসলামী ব্যক্তিবর্গ ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। উল্লেখ্য এই সম্মেলনের একই দিনে ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ উজমা খামেনীর উপদেষ্টা আয়াতুল্লাহ মোহাম্মদ আলী তাসখিরি এবং ইরানের ইসলামী যোগাযোগ ও সংস্কৃতি সংস্থার প্রধান মেহদী মোস্তাফাভীর উপস্থিতির মধ্যদিয়ে ইয়ামেনে আল সলেহ নামে কোরআন বিষয়ক বিশ্ববিদ্যালয় ও একটি মসজিদের উদ্বোধন করা হয় ।# 323905