ইয়ামেনের সরকারী বার্তাসংস্থা `সাবা' এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইয়ামেনের ওয়াকফ ও ইসলাম ধর্ম বিষয়ক উপমন্ত্রী হাসান মোহাম্মাদুল হেদর এবং ইয়ামেনের সশস্ত্র বাহিনীর প্রধান আলী সাইদ আবিদসহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতির মধ্যদিয়ে মঙ্গলবার ইয়ামেনের রাজধানী সানায় সেনাসদস্যদের পবিত্র কোরআনের হেফজ প্রতিযোগিতা শুরু হয়েছে । এই প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণে ইয়ামেনের ওয়াকফ ও ইসলাম ধর্ম বিষয়ক উপমন্ত্রী হাসান মোহাম্মাদুল হেদর পবিত্র কোরআন শিক্ষার প্রতি আরো মনযোগী হওয়ার পাশাপাশি হিংসা, বিদ্বেষ, সহিংসতা ও চরম পন্থা পরিহার করে সহজ সরল ও ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থাকে বেছে নেয়ার জন্য এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি পবিত্র কোরআনের মুখস্ত বিদ্যাকে প্রতিটি মুসলমানের জন্য গৌরবের বিষয় হিসেবে উল্লেখ করে বলেন, পবিত্র কোরআন এমন একটি কিতাব যা মহান আল্লাহর নিটক থেকে মানুষের হেদায়েতের জন্য নাযিল হয়েছে এবং এই ঐশী গ্রন্থ থেকে শিক্ষা লাভ করেই মুসলিম আলেম ও ইসলামী চিন্তাবিদগণ সফলকাম হয়েছেন । এ অবস্থায় তিনি ইসলামের মহাগ্রন্থ আল কোরআন ও রাসূল (সা:) এর সুন্নাত থেকে শিক্ষা লাভ করার জন্য ইয়ামেনের সেনাবাহিনীর প্রতি বিশেষভাবে গুরুত্বারোপ করেন। উল্লেখ্য ইয়ামেনের রাজধানী সানায় গত মঙ্গলবার থেকে সেনাসদস্যদের জন্য পবিত্র কোরআনের ৫ পারা, ১০ পারা, ১৫ পারা, ২০ পারা ও পূর্ণ কোরআন শরীফের হেফজ প্রতিযোগিতা শুরু হয়েছে । এই প্রতিযোগিতায় বিজয়ীরা সৌদি আরবে অনুষ্ঠেয় ৫ম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ইয়ামেনের প্রতিনিধিত্ব করবেন ।# 337744