IQNA

গাজায় ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশে বিক্ষোভ সমাবেশ, সংবাদ সম্মেলন ও আলোক চিত্র প্রদর্শণী

13:50 - January 03, 2009
সংবাদ: 1726656
গাজায় ইসরাইলী সেনাদের অব্যাহত গণহত্যা ও পাশবিক নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের রাজধানী ঢাকায় গতকাল আলোকচিত্র প্রদর্শণীর উদ্বোধন, বিক্ষোভ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন ফিলিস্তিনের গাজায় ইহুদীবাদী ইসরাইলের ব্যাপক হত্যাযজ্ঞ ও ধ্বংসের তীব্র প্রতিবাদ জানিয়েছে । তারা অবিলম্বে ইসরাইলী বোমা হামলা ও গণহত্যা বন্ধে বাংলাদেশ সরকারকে জোরালো প্রতিবাদ জানানোরও দাবি জানিয়েছেন। ফিলিস্তিনি জনগণের সাথে একাত্মতা ঘোষণা করে হিযবুত তাহরীর, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্য আন্দোলন শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের করে । বিক্ষোভকারীরা গাজা হত্যাকান্ডের বিষয়ে জাতিসংঘ, বিভিন্ন মানবাধিকার সংস্থা, ওআইসি, আরব রাষ্ট্র প্রধানদের নীরব ভূমিকার তীব্র সমালোচনা করেন । নির্বিচারে ফিলিস্তিনের নাগরিক হত্যাকান্ডের প্রতিবাদে ঢাকাস্থ ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রে গতকাল বিকেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় । এতে ঢাকাস্থ ইরানী রাষ্ট্রদূত হাসান ফারজান্দে ফিলিস্তিনী জনগণের সাথে ইরান সরকার ও জনগণের একাত্মতার কথা উল্লেখ করে বলেন, ফিলিস্তিনী জনগণের সাথে ইসলামী প্রজাতন্ত্রের জনগণ ছিলো, আছে এবং থাকবে। তিনি বলেন, ফিলিস্তিনী জনগণের উপর ইসরাইল অন্যায় নির্যাতন চালিয়ে নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে আনছে। তিনি গাজায় ইসরাইলী হামলা বন্ধে বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। বায়তুল মোকাররম উত্তর গেটে অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বলেন, মাস খানেক অবরোধের পর গাজায় অবস্থিত ক্ষুধার্ত নারী-পুরুষ ও শিশুদের প্রতি ইসরাইল নির্বিচারে মিসাইল ছুঁড়ে তাদের হত্যা করছে । যা মানব ইতিহাসে এক জঘন্যতম অপরাধের দৃষ্টান্ত স্থাপন করেছে । ইসলামী ঐক্য আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, ইসরাইল রাষ্ট্রের ধ্বংসের মাধ্যমেই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হতে পারে । তারা প্রশ্ন রাখেন, নিরীহ ফিলিস্তিনী ও শিশুদের হত্যা ব্যাপারে জাতিসংঘ নিশ্চুপ কেন ? হিযবুত তাহরীর বাংলাদেশের যুগ্ম সমন্বয়কারী কাজী মোরশেদুল হক বলেন, তার ভাষায়, মুসলিম দেশগুলোর দালাল শাসকেরা ইসরাইলী আধিপত্যবাদী আচরণের জন্য দায়ী। মিসর সরকার গাজার মুসলিমদের সাহায্য দেয়া বন্ধ করে দিয়েছে। তিনি আরো বলেন, সৌদি বাদশাহ মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়ার মাধ্যমে মার্কিন ইহুদীদেরকেই কেবল সমর্থন দিয়েছে । বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, ফিলিস্তিনী ইস্যুতে মুসলমানদের মধ্যে ঐক্য গড়ে তুলতে না পারলে মুসলিম বিরোধী শক্তিগুলো তাদের অত্যাচার অব্যাহত রাখার দুঃসাহস দেখিয়ে যাবে।
বাংলাদেশ কমুনিষ্ট পার্টি সিপিবি গাজায় ইসরাইলী গণহত্যার প্রতিবাদ জানিয়েছে। এতে বলা হয়, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের আকাঙ্খা ধ্বংস করতেই ইসরাইলী বাহিনী গণহত্যা চালাচ্ছে। সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে ইসরাইল ফিলিস্তিনে হামলা চালাতে সাহস পাচ্ছে। তিনি বলেন, মার্কিন আধিপত্যবাদকে ধ্বংস করতে পারলে আমাদের দেশসহ সারাবিশ্বের মানুষের অর্থনৈতিক মুক্তি ও উন্নয়ন হবে। বিশ্লেষকরা বলছেন, ইসরাইল তাদের বর্বরোচিত ধ্বংসযজ্ঞ বন্ধ না করলে গোটা মধ্যপ্রাচ্যসহ বিশ্ব পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠবে। তাই বিশ্ব নেতৃবৃন্দকে এই মূহূর্তে শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগ নিতে হবে। এদিকে মজলুম ফিলিস্তিনীদের সমর্থনে গাজার বিপর্যয়কর পরিস্থিতি নিযে ঢাকাস্থ ইরানী সাংস্কৃতিক কেন্দ্রে গতকাল থেকে আলোকচিত্র প্রদশর্ণী শুরু হয়েছে । #
captcha