ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব রামাজান আব্দুল্লাহ ইরানের রাজধানী তেহরানে আয়োজিত 'ফিলিস্তিন প্রতিরোধের প্রতীক; গাজা অপরাধযজ্ঞের শিকার' শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনকে ফিলিস্তিন সংকট সমাধানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বলেছেন এ ধরনের সম্মেলনের আয়োজন একথাই প্রমাণ করে যে ফিলিস্তিন মুসলিম উম্মার অন্তরে স্থান করে নিয়েছে। সম্মেলনের প্রথম দিনে জনাব রামাজান আব্দুল্লাহ বলেন, ইসরাইলী যুদ্ধ অপরাধীদের বিচারের দাবীতে ও ফিলিস্তিনের বিভিন্ন দল ও গোষ্ঠীগুলোর মধ্যকার সকল মতবিরোধের অবসান ঘটিয়ে পারস্পরিক আস্থা সৃষ্টি করাই এই সম্মেলনের প্রধান উদ্দেশ্য ।তিনি ফিলিস্তিনের গাজা পরিস্থিতির প্রতি ইঙ্গিত করে বলেন, গাজা উপত্যকা বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় কারাগারে পরিণত হয়েছে । কারণ ১৫ লক্ষ ফিলিস্তিনীর আবাসভূমি গাজা উপত্যকা এখনও ইসরাইলের হাতে অবরুদ্ধ হয়ে আছে ।শুধু তাই নয় ফিলিস্তিনের প্রায় ৫০ ভাগ ভূখন্ড বর্তমানে ইসরাইলের দখলে রয়েছে যেখানে শতকরা ২০ ভাগ ফিলিস্তিনীরও তাদের এই মাতৃভূমিতে বসবাসের ঠাঁই হচ্ছে না । তিনি আরবদেশগুলোর প্রতি ইসলামী প্রতিশ্রুতি ও মানবিক দায়িত্ব পালনের আহবান জানিয়ে বলেন, কেবলমাত্র ফিলিস্তিনের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করাই ইসরাইলের লক্ষ্য নয় বরং মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশিলতা নস্যাৎ করে গোটা মুসলিম বিশ্বের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করাই ইসরাইলের প্রধান উদ্দেশ্য। এ অবস্থায় তিনি ইসরাইলের এই ষড়যন্ত্রের ব্যাপারে মুসলিম দেশগুলোকে শতর্ক থাকার আহবান জানান ।ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনী, প্রেসিডেন্ট ডঃ আহমাদি নেজাদ ও সংসদ স্পিকার আলী লারিজানিসহ ইসলামী দেশগুলোর সংসদ স্পিকারদের উপস্থিতিতে ইরানের রাজধানী তেহরানে গতকাল থেকে দুই দিন ব্যাপী 'ফিলিস্তিন প্রতিরোধের প্রতীক; গাজা অপরাধযজ্ঞের শিকার' শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে । # 373159