দৈনিক ইনকিলাবের বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ব্যাপক উৎসাহ-উদ্দিপনা ও ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্যদিয়ে বাংলাদেশে আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে । এ উপলক্ষ্যে বাংলাদেশের রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া, জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী পৃথক পৃথক বাণি দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণিতে বলেন, সাইয়্যেদুল মুরসালিন হযরত মোহাম্মাদ (সা:) এর অনুপম জীবন ও কর্ম সব মানুষের জন্য অনুসরণীয় ও অনুকরণীয় এক চিরন্তন আদর্শ ।মানব জাতির মধ্যে সাম্য , ভ্রাতৃত্ব ও সংহতি প্রতিষ্ঠা এবং সমাজ থেকে অন্যায়, অবিচার ও অসত্য দূরে করে শান্তি প্রতিষ্ঠায় তার আজীবন প্রয়াস বিশ্ব মানবতার জন্য মহান অনুপ্রেরণার উৎস ।পরম সহিষ্ণতা, সত্য ও ন্যায়ের পথে অচিবল থাকার অতুলনীয় যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন তা বিশ্ববাসির কাছে অনুকরণীয় আদর্শ হিসেবে সমুজ্জল হয়ে আছে ।মহানবী (সা:) এর সমগ্র জীবনই ছিল মানব জাতির কল্যাণে নিবেদিত ।এই মহামানবের জীবন ও আদর্শ অনুকরণ এবং অনুসরণের মধ্যে নিহিত রয়েছে মানব জাতির সার্বিক কল্যাণ ও মুক্তি। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে বাংলাদেশে আজ সরকারী ছুটি, বিভিন্ন জাতীয় দৈনিক এ উপলক্ষ্যে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করছে, রেডিও টেলিভিশন ব্যবস্থা নিয়েছে বিশেষ অনুষ্ঠান প্রচারের।এছাড়া দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশনসহ দেশের বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন মহানবী (সাঃ ) এর জীবনী ভিত্তিক আলোচনা, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতসহ নানামুখি কর্মসূচি গ্রহণ করেছে। #