ইরানের সর্বোচ্চ নেতার দপ্তরের তথ্যবিভাগের বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা ইরাকে গত দুই দিনের ভয়াবহ সন্ত্রাসী হামলায় ইরানী যিয়ারতকারীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী এক শোক বার্তায় বলেছেন, ইরাকে যিয়ারতকারীদের ওপর হামলায় এমন কিছু মানুষ শহীদ এবং শোকাহত হয়েছেন, বিশ্বনবীর প্রেমে যাদের হৃদয় আকুল ছিলো এবং যারা রাসূল (সাঃ) ও তার পবিত্র বংশধরদের জীবনাদর্শ অনুসরণ করে নিজেদের ধন্য মনে করতো। তিনি আরো বলেন, যে সব কাপুরুষ এই ভয়াবহ হামলা চালিয়েছে, তারা নবী রাসূলদের সন্তুষ্টির চেয়ে শয়তান, জিন ও মানুষের সন্তুষ্টি অর্জনকে প্রাধান্য দিয়ে মহান আল্লাহর চরম ক্রোধের শিকার হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা তাঁর শোকবার্তায় আরো বলেন, যেসব কুচক্রী ও অশুভ শক্তি এ ধরনের হামলার পরিকল্পনা করছে, তাদের জানা উচিত তাদের জ্বালানো আগুনে একদিন তাদেরকেই দগ্ধ হতে হবে। ইরানের সর্বোচ্চ নেতা ইরাকের সন্ত্রাসী হামলাসহ সকল মানবতা বিরোধী অপরাধের জন্য মার্কিনীদের দায়ী করেন। # 394045