মিসরাভী বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে: আল আযহার বিশ্ববিদ্যালয়, সম্পূর্ণ কোরআন ও মহানবী (স.) হতে বর্ণিত ১১ হাজার হাদীসের হাফেজ; ৫ম শ্রেনীর ছাত্র ১১ বছরের মিসরীয় বালক শারিফ সাইয়্যেদ মুস্তাফাকে আল আযহার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ১০০ মিসরীয় লিরা (মিসরীয় মুদ্রা) ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
আল আযহার বিশ্ববিদ্যালয় বিভিন্ন কার্যালয়কে এ প্রতিভাবান বালকের পাঠ্যপুস্তক সহ অন্যান্য প্রয়োজনীয় গ্রন্থাদির ব্যবস্থা এবং তার প্রতিভা বিকাশের জন্য অন্যান্য প্রশিক্ষণ মূলক কোর্সের আয়োজনের নির্দেশ দিয়েছে। এছাড়া তাকে কোরআনের কারায়াত বিষয়ে দক্ষ করে তোলার জন্য একজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।
শারিফ মুস্তাফা এ পর্যন্ত বেশ কয়েকটি হেফজে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করতে সক্ষম হয়েছে। সে এ পর্যন্ত আল আযহার বিশ্ববিদ্যালয় ও মিসরের ধর্ম ও আওকাফ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২৬টি ক্রেস্ট লাভ করেছে।
শারিফ সম্পূর্ণ কোরআন মুখস্থ ছাড়াও ১১ হাজার হাদীসে নববীরও (স.) হাফেজ। প্রচলিত তেলাওয়াত সম্পর্কে সে পরিচিত এবং ‘কারায়াতে হাফস’ এবং ‘কারায়াতে আসেম’ -এ সে সনদ পত্র লাভ করেছে। #559000