আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার রচনা বিভাগের প্রধান সচিব জনাব মুহাম্মাদ মেহরাবী ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনাকে দেয়া এক সাক্ষাতকারে উপরোক্ত তথ্য দিয়ে বলেছেন: মতামত গ্রহণ এবং হাওযা ইলমিয়া ও বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকদের পরমর্শক্রমে রচনা প্রতিযোগিতার জন্য ৩টি বিভাগ নির্বাচন করা হয়েছে। সেগুলো হচ্ছে: কোরআন ও আহলে বাইত (আ.), কোরআন ও অন্তর্দৃষ্টি এবং কোরআন ও মানবিক জ্ঞান।
তিনি বলেন: এ বিষয়গুলো নির্বাচনের ক্ষেত্রে মতামত গ্রহণ করে ৪০ জন অভিজ্ঞ শিক্ষকের সাথে পরামর্শ পূর্বক তিনটি বিভাগে মোট ১০০টি বিষয় নির্বাচন করে আওকাফ ও জনকল্যাণ বোর্ডে প্রেরণ করা হয়েছে।
জনাব মেহরাবী ‘কোরআন ও আহলে বাইত (আ.)’ বিভাগ কেন্দ্রীক কয়েকটি বিষয়ের প্রতি ইঙ্গিত করে বলেন: পবিত্র কোরআনে আহলে বাইত (আ.) এর স্থান, আহলে বাইত (আ.) এর মাযহাবে তাফসীর পদ্ধতি, আহলে বাইত (আ.) এর কোরআন শিক্ষাদান পদ্ধতি, আহলে বাইত (আ.) সম্পর্কিত আয়াতসমূহের পর্যালোচনা, কোরআনের দৃষ্টিতে উলুল আমরের বৈশিষ্ট্য, কোরআন তাহরিফ (বিকৃত) হওয়া থেকে মুক্ত থাকার ব্যাপারে আহলে বাইত (আ.) এর দৃষ্টিভঙ্গি ইত্যাদি বিষয় এ বিভাগের অন্তর্ভুক্ত।
তিনি ‘কোরআন ও অন্তর্দৃষ্টি’ বিভাগ সম্পর্কে বলেন: কোরআনের দৃষ্টিতে বাসিরাত (অন্তর্দৃষ্টির) অর্থ, কোরআনে করিমের দৃষ্টিতে বাসিরাতের বাধাসমূহ, কোরআন ও হাদীস বর্ণনার ক্ষেত্রে অন্তর্দৃষ্টির গুরুত্ব, কোরআনের দৃষ্টিতে অন্তর্দৃষ্টির অধিকারীদের বৈশিষ্ট্য ইত্যাদী বিষয় এ বিভাগের অন্তর্ভূক্ত।
জনাব মেহরাবী তৃতীয় বিষয়টি সম্পর্কে বলেন: কোরআনিক দৃষ্টিতে মানবিক জ্ঞান, কোরআনের দৃষ্টিতে মানবিক জ্ঞানের ব্যবহারের ক্ষেত্র, বস্তুবাদী মানবিক জ্ঞানের ব্যাপারে কোরআনের সমালোচনা, উত্তমরূপে কোরআন বোঝার জন্য মানবিক জ্ঞানের ব্যাবহার ইত্যাদি বিষয় 'কোরআন ও মানবিক জ্ঞান' বিভাগের অন্তর্ভূক্ত।
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার রচনা বিভাগের সচিব, প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুকগণ আগামী ৫ই জুন নাগাদ নিজেদের প্রবন্ধ প্রেরণ করতে পারবেন এবং পরবর্তীতে এ মেয়াদ সর্বোচ্চ পাঁচদিন বাড়ানোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন।
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান চলতি বছরের ৯ই জুলাই অনুষ্ঠিত হবে এবং প্রতিযোগিতার ফলাফল ঘোষণার মাধ্যমে এ প্রতিযোগিতা সমাপ্ত হবে ১৪ই জুলাই।
তিনি আরো জানান: www.mfso.ir ওয়েব সাইটে প্রকাশিত লেখার নির্ধারিত বিধিমালাকে দৃষ্টিতে রেখে রচনা প্রেরণ করতে হবে। অংশগ্রহণকারীগণ মাইক্রোসফট ওয়ার্ডে টাইপকৃত রচনা দু’ ভাবে প্রেরণ করতে পারবেন: (ক) পোষ্টের মাধ্যমে সিডিসহ রচনার কপি প্রেরণ মারফত, (খ) উপরোক্ত ওয়েব সাইটে সরারসরি প্রেরণ করে।