কুয়েতের দৈনিক আল-কাবাসের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: হযরত ইমাম সাদিক (আ.) এর শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত শোকানুষ্ঠান গত সোমবার কুয়েতের আদ-দায়িয়াহ অঞ্চলের 'রাসুলুল আযাম' ইমামবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে কুয়েতের বিশিষ্ট বক্তা জনাব 'আলী আস-সামাভি' হযরত ইমাম সাদিক (আ.) এর জীবন চরিত ও তাঁর (আ.) জীবনের নৈতিক বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
তিনি বলেন: ইমাম সাদিক (আ.) তাঁর মহান পিতামহ হযরত মুহাম্মাদ (স.) এর ন্যায় হেদায়েতের আলোকবর্তিকার স্বরূপ। শিয়া মাযহাবের এ মহান ইমাম (আ.) এর কাছ থেকে অনেক আলেম-ওলামা ও পণ্ডিত ব্যক্তিবর্গ জ্ঞান অর্জন করেছেন।
কুয়েতের এ শিয়া ধর্মপ্রচারক তার বক্তৃতার শেষে জাফরী মাযহাবের শিক্ষাকে আদর্শরূপে গ্রহণ ও তা মেনে চলার জন্য শিয়াদের প্রতি আহ্বান জানান।
সৌদি আরব, বাহরাইন ও কাতারের শিয়ারাও গত সোমবার ইমাম সাদিক (আ.) এর শাহাদত বার্ষিকী পালন করেছে।
অপরদিকে ইরাকের জনগণও নাজাফ, কারবালা ও কাযেমাইনে অবস্থিত ইমামগণ (আ.) এর পবিত্র মাজারসমূহে উপস্থিত হয়ে ইমাম সাদিক (আ.) এর শাহাদত বার্ষিকীতে আযাদারী ও শোক পালন করেছে।#668711