আল-আলাম ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: লেবাননের হিজবুল্লাহ বাহিনী এদেশের ‘বুস্তানে ইরান’-এ বাৎসরিক জনসভা আয়োজনের মধ্য দিয়ে আগামী শুক্রবার (রমজান মাসের শেষ শুক্রবার) পবিত্র কুদস দিবস পালন করতে যাচ্ছে। ইসলামি বিপ্লবের মহান নেতা হযরত ইমাম খোমেনী (রহ.)-এর নির্দেশে পবিত্র রমজান মাসের শেষ শুক্রবারকে বিশ্বের মুসলমানরা কুদস দিবস হিসেবে পালন করে থাকে।
হিজবুল্লাহ বাহিনী’র যোগাযোগ বিষয়ক বিভাগের প্রধান শেইখ হায়দার দাক্বমাক্ব এ সম্পর্কে জানিয়েছেন: বিশ্ব কুদস দিবস উপলক্ষে আয়োজিত জনসভা এ বছর দক্ষিন লেবানন ও ফিলিস্তিন সীমান্তের ‘মারুনুর রা’স’ অঞ্চলে অবস্থিত ‘বুস্তানে ইরান’-এ অনুষ্ঠিত হবে।
তিনি বলেন: এ জনসভায় হিজবুল্লাহ প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ বক্তব্য রাখবেন।
তিনি আরো বলেন: বিশ্ব কুদস দিবসের এ জনসভাকে সামনে রেখে হিজবুল্লাহ বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। ইতিমধ্যে জনসভায় অংশগ্রহণের জন্য ফিলিস্তিন ও লেবাননের নেতাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে।
তিনি বলেন: ধারণা করা হচ্ছে এ জনসভায় লক্ষ লক্ষ লোকের সমাগম ঘটবে।#847154