IQNA

ন্যামের নেতৃত্বদানে ইরানের প্রতি শেখ হাসিনার সমর্থন

18:40 - September 02, 2012
সংবাদ: 2403561
আন্তর্জাতিক বিভাগ : ন্যাম সম্মেলনে অংশগ্রহণ শেষে গতকাল সন্ধ্যায় দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
www.albd.org এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইরানের প্রতি আগামী তিন বছরের জন্য জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) নেতৃত্বদানে এশিয়া-প্যাসিফিক গ্রুপের সদস্য দেশগুলোর দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। শুক্রবার রাতে তেহরানে ওআইসি কনভেনশন সেন্টারে ১৬তম ন্যাম শীর্ষ সম্মেলনের সমাপনী অধিবেশনে এশিয়া-প্যাসিফিক গ্রুপের পক্ষে ধন্যবাদ জানিয়ে বক্তৃতাকালে তিনি এ সমর্থন ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন, আগামীতে ন্যামভুক্ত দেশগুলোর সংহতি জোরদার হবে এবং গতিশীল বিশ্ব অংশীদারিত্ব গড়ে উঠবে।সম্মেলনে যোগদানকারীদের মধ্যে শেখ হাসিনাই ছিলেন একমাত্র নারী প্রধানমন্ত্রী। সমাপনী অধিবেশনে এশিয়া-প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে ধন্যবাদ জানানোর জন্য তাকে মনোনীত করা হয়। শেখ হাসিনা বলেন, বিশ্বে সার্বিক প্রভাব সৃষ্টি এবং আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি ও আর্থিক কাঠামো পুনর্গঠন প্রচেষ্টার প্রেক্ষাপটে ন্যামভুক্ত দেশগুলো সহযোগিতার এ গুরুত্ব অনুধাবন করছে। তিনি আশা প্রকাশ করেন, জোট নিরপেক্ষ আন্দোলন সবার, বিশেষ করে সদস্য দেশগুলোর চারশ' কোটি মানুষের মতামত প্রকাশের সমান সুযোগ সৃষ্টি এবং প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নে কাজ করে যাবে।
ভবিষ্যতের ব্যাপক চ্যালেঞ্জের কথা তুলে ধরে তিনি আশা প্রকাশ করেন, ইরানের নেতৃত্বে সদস্য দেশগুলোর আশা-আকাঙ্ক্ষা পূরণে ন্যাম সক্ষম হবে এবং এশিয়া-প্যাসিফিক গ্রুপের সব সদস্য রাষ্ট্রের পাশাপাশি বাংলাদেশও এ বিষয়ে ইরানকে সমর্থন দেবে।
প্রধানমন্ত্রী ফিলিস্তিন সমস্যার ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধানে ন্যাম এগিয়ে যাবে বলেও সদস্য রাষ্ট্রগুলোর আস্থার কথা ব্যক্ত করেন। সম্মেলন উপলক্ষে গত ক'দিনে জোট নিরপেক্ষ আন্দোলনের নেতাদের উষ্ণ ও আন্তরিক আতিথেয়তা দেওয়ায় তিনি ইরান সরকারকে ধন্যবাদ জানান। শেখ হাসিনা বলেন, গত কয়েকদিনে আমরা প্রকৃতই শতাব্দীপ্রাচীন পার্সিয়ান আতিথেয়তা ও উষ্ণতা লাভ করেছি।
সম্মেলনের আয়োজনকে চমৎকার উল্লেখ করে তিনি বলেন, এ সম্মেলন অন্যান্য সদস্য রাষ্ট্রের নেতাদের সঙ্গে বৈঠক ও দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা এবং সংহতি পুনর্ব্যক্ত করার ব্যাপক সুযোগ করে দিয়েছে।
বিশিষ্ট নেতাদের সঙ্গে বৈঠক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার তেহরানে ন্যাম শীর্ষ সম্মেলনে যোগ দিতে আসা বেশ ক'জন বিশিষ্ট নেতার সঙ্গে সাক্ষাৎ এবং দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
নেতাদের মধ্যে ছিলেন বেনিনের প্রেসিডেন্ট টমাস ইয়াজি বনি, ভুটানের প্রধানমন্ত্রী জিগমে থিনলে, সিরিয়ার প্রধানমন্ত্রী ওয়ায়েল নাদের আল হালকি, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন আহমেদ বিন মোহাম্মদ, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ড. আহমেদ শহিদ, জর্ডানের প্রিন্স হাসান বিন তালাল, সোমালিয়ার শ্রম, সমাজ, যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী মোহাম্মদ জিরদেহ হুসেন, আরব আমিরাতের উপ-পররাষ্ট্রমন্ত্রী এবং সাউথ সেন্টারের নির্বাহী পরিচালক মার্টিন খোর।
প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬তম ন্যাম শীর্ষ সম্মেলন উপলক্ষে ৪ দিনের ইরান সফর শেষে গতকাল সন্ধ্যায় দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মন্ত্রিবর্গ, দলীয় নেতৃবৃন্দ, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাবৃন্দ বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এর আগে স্থানীয় সময় সকাল ১১টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইরানের রাজধানী তেহরান থেকে দেশের উদ্দেশে রওনা হন। বিমানবন্দরে ইরানের বিচারমন্ত্রী মোর্তেজা বখতিয়ারি এবং ইরানে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার আবদুস সাত্তার তাকে বিদায় জানান।
ন্যাম শীর্ষ সম্মেলনে যোগ দিতে ২৯ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেহরান যান। বিশ্বশান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করে তেহরান ঘোষণার মধ্য দিয়ে শুক্রবার দু'দিনব্যাপী এ সম্মেলন শেষ হয়।#
captcha