IQNA

ইসলাম অবমাননার প্রতিবাদে ইরানের অস্কার উৎসব বর্জন

9:50 - September 27, 2012
সংবাদ: 2420842
আন্তর্জাতিক বিভাগ : ইরানের সংস্কৃতি ও ইসলামী দিক-নির্দেশনাবিষয়ক মন্ত্রী সাইয়্যেদ মুহাম্মদ হোসাইনি বলেছেন, মার্কিন চলচ্চিত্রে বিশ্বনবী হজরত মুহাম্মদকে (সা.) অবমাননার প্রতিবাদে ইরান এবারের অস্কার চলচ্চিত্র উৎসব বর্জন করবে। তিনি সম্প্রতি ইরানের কেরমান প্রদেশে প্রতিরক্ষাবিষয়ক ১২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ওই ঘোষণা দেন।

Jugantor এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : সাইয়্যেদ মুহাম্মদ হোসাইনি বলেন, সম্প্রতি একটি মার্কিন চলচ্চিত্রে বিশ্বনবী হজরত মুহাম্মদকে (সা.) অবমাননার প্রতিবাদে ইরান অস্কার উৎসবে কোন ছায়াছবি পাঠাবে না। ইরানের চলচ্চিত্র জগতের সবার মতো আমিও মার্কিন চলচ্চিত্রে মহানবীর (সা.) অবমাননায় মর্মান্তিক বেদনা অনুভব করেছি, যে বেদনা গোটা মুসলিম বিশ্বকে আহত করেছে। তবে এ ধরনের ঘটনায় ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানানো খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। ইরানের সিনেমা জগতের এই পদক্ষেপের ফলে দেশটির বরেণ্য নির্মাতা রেজা মীর করিমির নির্মিত ও পরিচালিত ‘এ সুগার কিউব’ (কিউব আকৃতির চিনির দলার একটি টুকরো) আগামী অস্কার চলচ্চিত্র উৎসবে পাঠানোর কথা থাকলেও তা পাঠানো হবে না বলে ইরানি সংস্কৃতিমন্ত্রী জানান। তিনি অন্য মুসলিম দেশগুলোকেও অস্কার চলচ্চিত্র উৎসব বর্জনের আহ্বান জানান, যাতে মহানবীর (সা.) অবমাননার ব্যাপারে ঐক্যবদ্ধভাবে নিন্দা জানানো যায়।
অস্কার বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব হিসেবে স্বীকৃত। ফি বছর মার্কিন যুক্তরাষ্ট্রে এ উৎসব অনুষ্ঠিত হয়। সর্বশেষ অস্কার উৎসবে (৮৪তম) আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইরানি চলচ্চিত্র নির্মাতা আসগর ফারহাদির ‘নাদের ও সিমিনের বিচ্ছেদ’ শীর্ষক ছায়াছবি বিদেশী ভাষার সেরা ছবি হিসেবে পুরস্কার পেয়েছিল। এদিকে ইসলাম ধর্মকে হেয় করে যুক্তরাষ্ট্রে নির্মিত ‘ইনোসেন্স অব মুসলিমস’ চলচ্চিত্রটির অনলাইন সম্প্রচার নিষিদ্ধ করেছে ব্রাজিলের একটি আদালত। সেই সঙ্গে ইউটিউব থেকে এটির ট্রেইলার সরিয়ে নেয়ার জন্য দশদিন সময় বেঁধে দিয়েছেন ওই আদালত। সাও পাওলোর একটি প্রাদেশিক আদালত মঙ্গলবার এই আদেশ দেন। ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ জাতিসংঘে দেয়া তার ভাষণে ‘পশ্চিমাদের ইসলামভীতি’ নিয়ে তুমুল সমালোচনা করার কয়েক ঘণ্টা পরই দেশটির আদালত এই আদেশ দিলেন। ব্রাজিলের মুসলিমদের সংগঠন ‘ন্যাশনাল ইসলামিক ইউনিয়ন’ এই বিতর্কিত চলচ্চিত্রটির অংশবিশেষ অনলাইনে তুলে দেয়ায় ইউটিউবের মালিক প্রতিষ্ঠান গুগল ইনকর্পোরেশনের বিরুদ্ধে আইনি অভিযোগ দায়ের করে। অভিযোগে বলা হয়, এ ধরনের চলচ্চিত্র ধর্মীয় স্বাধীনতার সাংবিধানিক যে অধিকার তার সুস্পষ্ট লংঘন। এর পরিপ্রেক্ষিতে বিচারক ডেলসন ডেলগাডো মিরান্ড মঙ্গলবার সাও পাওলো আদালতে দেয়া রায়ে বলেন, এই রায় মত প্রকাশের স্বাধীনতার পাশিপাশি ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে যে ধর্মীয় বৈষম্য সৃষ্টি করতে পারে তা থেকে সবাইকে রক্ষা করবে। মিরান্ড তার রায়ে এই বলে ইতি টানেন, অবৈধ কোন কিছু নিষিদ্ধ করে দেয়ায় মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করবে না। প্রসঙ্গত, সম্প্রতি যুক্তরাষ্ট্রে ইসলাম ধর্মকে হেয় করে একটি চলচ্চিত্র নির্মিত হলে বিশ্বব্যাপী মুসলিমদের মধ্যে মার্কিনবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এর জেরে লিবিয়ার বেনগাজিতে মার্কিন দূতাবাসে বিক্ষুব্ধ জনতা হামলা চালালে যুক্তরাষ্ট্রের এক কূটনীতিক নিহত হন। এ ছাড়াও বিশ্বের মুসলিম অধ্যুষিত অনেক দেশে মার্কিন দূতাবাসে হামলা চালানোর ঘটনাও ঘটে। রয়টার্স, প্রেস টিভি।
captcha