Jugantor এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : শান্তিতে নোবেল বিজয়ী মিয়ানমারের বিরোধীদলীয় নেতা অং সান সু চি বলেছেন, তিনি ভয়াবহ গণহত্যার শিকার রোহিঙ্গা মুসলমানদের পাশে দাঁড়াবেন না। শনিবার বিবিসিকে তিনি বলেছেন, তিনি তার ভাষায় সংঘর্ষরত দু’পক্ষকে সংযত হওয়ার আহবান জানাচ্ছেন। সু চি বলেন, তিনি সাম্প্রতিক সহিংসতার মূল কারণ না জেনে এ ব্যাপারে তার প্রভাব কাজে লাগাবেন না। ‘গণতন্ত্রপন্থী’ নেত্রী সু চি দাবি করেন, সাম্প্রতিক সহিংসতায় মুসলিম ও বৌদ্ধ দুই সম্প্রদায়ের মানুষই ক্ষতিগ্রস্ত হয়েছে, কাজেই তিনি যে কোনো এক পক্ষকে সমর্থন করতে পারেন না।
গত জুন মাসে মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে ভয়াবহ দাঙ্গা শুরু হওয়ার পর এই প্রথম সু চি এ ব্যাপারে নিজের অবস্থান ঘোষণা করলেন। শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখার জন্য নোবেল পুরষ্কার পাওয়ার পরও নিজ দেশের অশান্তি নিয়ে নীরব থাকায় তার সমালোচনা করে আসছিল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। গত কয়েকমাসের মুসলিম বিরোধী দাঙ্গায় শত শত রোহিঙ্গা মুসলমান নিহত হওয়ার পাশাপাশি তাদের হাজার হাজার বাড়ি জ্বালিয়ে দেয়া হয়েছে।#