আমেরিকা ও ইসরাইলের প্রবল আপত্তি সত্ত্বেও জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা পেয়েছে ফিলিস্তিন। বৃহস্পতিবার গ্রিনিচমান সময় রাত ১০টায় (বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৪টায়) জাতিসংঘ সাধারণ পরিষদে অনুষ্ঠিত ভোটাভুটিতে বিপুল ভোটের ব্যবধানে এ মর্যাদা লাভ করে ফিলিস্তিন। এ সংক্রান্ত প্রস্তাবের পক্ষে ১৩৮টি এবং বিপক্ষে মাত্র ৯টি ভোট পড়ে। এ ছাড়া, ৪১টি দেশ ভোটদানে বিরত থাকে।
যে ৯টি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে সেসবের মধ্যে রয়েছে সাম্রাজ্যবাদী রাষ্ট্র আমেরিকা এবং ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইল। এ ছাড়া সাবেক উপনিবেশবাদী দেশ ব্রিটেন ভোটদানে বিরত ছিল।
জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাবটি পাস হওয়ার ফলে ফিলিস্তিন ভ্যাটিকানের সমান মর্যাদা পেল বলে মার্কিন নিউজ চ্যানেল সিএনএন জানিয়েছে, এর আগে ফিলিস্তিনের জন্য জাতিসংঘের পর্যবেক্ষক সদস্যের আবেদন জানান স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া এক ভাষণে তিনি এ আবেদন জানান।
মাহমুদ আব্বাসের ভাষণ টেলিভিশনের মাধ্যমে বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচারিত হয় এবং পশ্চিম তীরের রামাল্লায় হাজার হাজার ফিলিস্তিনি পতাকা উড়িয়ে এবং উল্লাসধ্বনি দিয়ে তাদের আনন্দ প্রকাশ করেন। গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের এ আবেদনের প্রতি সমর্থন জানিয়েছে। রাতে জাতিসংঘের পর্যবেক্ষক সদস্যপদ পাওয়ার খবর শুনে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন।
1145428