IQNA

ইসরাইলের বসতি সম্প্রসারণে জাতিসংঘের উদ্বেগ

19:57 - December 21, 2012
সংবাদ: 2467523
আন্তর্জাতিক বিভাগ : অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইহুদি বসতি সম্প্রসারণ থেকে বিরত থাকতে ইসরাইলের ওপর চাপ বাড়িয়েছে জাতিসংঘ।
Jugantor এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : বুধবার নিউইয়র্কে বর্ষ সমাপনী সংবাদ সম্মেলনে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেন, পশ্চিম তীর ও জেরুজালেমের আশপাশে বসতি নির্মাণ নিয়ে আমি উদ্বিগ্ন। কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় যে প্রচেষ্টা রয়েছে তার জন্য এটা হুমকি। এই বিপজ্জনক পথ যা শান্তি আলোচনা পুনরায় শুরু করা এবং ফিলিস্তিন ও ইসরাইলের শান্তিপূর্ণ ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলবে তা থেকে বিরত থাকার জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানাচ্ছি। ফিলিস্তিন ও ইসরাইলের এই সংকটের দিকে নজর দিতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। তিনি বলেন, খুব বেশি দেরি হওয়ার আগেই আসুন শান্তি আলোচনা আবার শুরু করি। ইসরাইলের প্রতি একই দাবি তুলেছে যুক্তরাষ্ট্র ছাড়া এই বিশ্ব সংস্থার সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি নিরাপত্তা পরিষদের অন্য সব সদস্যও। যুক্তরাষ্ট্র ছাড়া নিরাপত্তা পরিষদের বাকি ১৪ সদস্য দেশ বুধবার ইসরাইলের বসতি নির্মাণ পরিকল্পনার বিরোধিতা করে তা থেকে বিরত থাকার জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছে। অবশ্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, বসতি সম্প্রসারণে এগিয়ে যাবে তার সরকার। জাতিসংঘে ইসরাইলের পক্ষে অবস্থান নিলেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর অবশ্য ইসরাইলের এই বসতি নির্মাণকে ‘উস্কানিমূলক কর্মকাণ্ড’ হিসেবে আখ্যায়িত করেছে। দেশটির পররাষ্ট্র দফতরের মুখপাত্র ভিক্টোরিয়া ন্যুল্যান্ড বলেন, ইহুদি বসতি সম্প্রসারণ ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে আবারও ঝুঁকির মধ্যে ফেলবে। এর মধ্যেও বুধবার ইসরাইলের একটি কমিটি পূর্ব জেরুজালেমে নতুন একটি বসতি গড়ে সেখানে দুই হাজার ৬১০টি ঘর নির্মাণের অনুমোদন দিয়েছে। ১৯৯৭ সালের পর এই এলাকায় বসতি নির্মাণের প্রথম উদ্যোগ নিল দেশটি। এদিকে পশ্চিম তীরে বেশ কয়েকটি ইহুদি বসতিতে নতুন করে এক হাজার ঘর নির্মাণের ঘোষণা দিয়েছে ইসরাইল।#
captcha