IQNA

শিয়া হত্যাকাণ্ড : বেলুচিস্তান সরকার ভেঙে দিল পাকিস্তান

11:46 - January 14, 2013
সংবাদ: 2479876
আন্তর্জাতিক বিভাগ : পাকিস্তানের কোয়েটায় শিয়া মুসলমানদের ওপর ভয়াবহ বোমা হামলার ঘটনায় বেলুচিস্তানের প্রাদেশিক সরকার ভেঙে দিয়েছে পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ রাতে টেলিভিশনে এ ঘোষণা দেন।
IRIB এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : মুখ্যমন্ত্রী নওয়াব আসলাম রাইসানির নেতৃত্বাধীন সরকার ভেঙে দেয়ায় এখন প্রদেশের শাসনকাজ সরাসরি পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের অধীনে পরিচালিত হবে।
আজই (সোমবার) এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করা হবে। গত শুক্রবার বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় ভয়াবহ বোমা হামলায় হাজারা শিয়া সম্প্রদায়ের অন্তত ৯০ জন নিহত হওয়ার পর এ সিদ্ধান্ত নিল পাকিস্তান সরকার।
এ হামলার পর শিয়া সম্প্রদায়ের লোকজন লাশ দাফন করতে অস্বীকার করেছেন। তারা বলে আসছিলেন, বেলুচিস্তানের সরকার ভেঙে দিতে হবে এবং সেখানে তাদের সুরক্ষার জন্য সেনাশাসন জারি করতে হবে। তাদের এ দাবির প্রতি সমর্থন জানিয়ে পাকিস্তানের বিভিন্ন শহরে মিছিল-সমাবেশ হয়েছে।
বেলুচিস্তানের সরকার ভেঙে দেয়ায় এখন মনে করা হচ্ছে- শিয়া সম্প্রদায়ের দাবির অংশ বিশেষ মিটেছে এবং তারা অবস্থান কর্মসূচি স্থগিত করে লাশ দাফন করবে।
এর আগে, গতকাল প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ কোয়েটায় যান এবং অবস্থান কর্মসূচি পালনরত লোকজনের সঙ্গে সাক্ষাত করেন।#
captcha