IQNA

পশ্চিম তীরে ফিলিস্তিনি তাবু গুঁড়িয়ে দিয়েছে ইহুদিবাদী পুলিশ

9:16 - January 18, 2013
সংবাদ: 2481875
আন্তর্জাতিক বিভাগ : ইহুদিবাদী ইসরাইলি পুলিশ রাতের অন্ধকারে অবস্থান ধর্মঘটকারী ফিলিস্তিনি জনগণের তাবু গুঁড়িয়ে দিয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি নির্মাণের যে পরিকল্পনা তেল আবিব করেছে তার প্রতিবাদ জানাতে এসব ফিলিস্তিনি গত প্রায় দু'সপ্তাহ ধরে ওই অবস্থান ধর্মঘট করে আসছিলেন।
IRIB এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইসরাইলি পুলিশের মুখপাত্র মিকি রোযেনফেল্ড আজ (বৃহস্পতিবার) জানিয়েছেন, "গত মধ্যরাতে ফিলিস্তিনিদের ২৪টি তাবু গুঁড়িয়ে দিয়েছে।
অবস্থান ধর্মঘটকারী অন্যতম ফিলিস্তিনি প্রতিবাদকারী আবির কপ্তি তাদের তাবুনির্মিত ক্যাম্প গুঁড়িয়ে দেয়ার কথা নিশ্চিত করেছেন। গতকাল (বুধবার) একটি ইসরাইলি আদালত পূর্ব বাইতুল মোকাদ্দাসের (জেরুজালেম) কাছে নির্মিত এসব তাবু জোর করে সরিয়ে দেয়ার নির্দেশ দেয়।
দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিম তীরের ই-ওয়ান এলাকায় শত শত অবৈধ বসতি নির্মাণের যে পরিকল্পনা ঘোষণা করেছেন তার প্রতিবাদে ফিলিস্তিনিরা গত ১১ জানুয়ারি তাবু গেড়ে অবস্থান ধর্মঘট করে আসছিলেন। তাবুনির্মিত এ ক্যাম্পের নাম তারা দিয়েছিল বাব আশ-শামস বা সূর্যের গেট।
এরপর ১৩ জানুয়ারি ইসরাইলি সেনারা অবস্থান ধর্মঘটকারী ফিলিস্তিনিদের লাঠিপেটা করে তাড়িয়ে দেয়। এরপর ১৫ জানুয়ারি ফিলিস্তিনি প্রতিবাদকারীরা আবার তাদের ধর্মঘটের স্থানে ফিরে যেতে চাইলে ইহুদিবাদী সেনারা বাধা দেয়। তারা দাবি করে, এটি ইসরাইলের একটি সামরিক এলাকার কাছে অবস্থিত।
নেতানিয়াহুর অবৈধ বসতি নির্মাণের এ পরিকল্পনা বাস্তবায়িত হলে জর্দান নদীর পশ্চিম তীরের উত্তর অংশ বিচ্ছিন্ন হয়ে পড়বে দক্ষিণ অংশ থেকে।
ইসরাইল ১৯৬৭ সালে জর্দান নদীর পশ্চিম তীরের বাইতুল মোকাদ্দাস দখল করে নেয়ার পর থেকে এ পর্যন্ত সেখানে অন্তত ১২০টি অবৈধ বসতি নির্মাণ করে। এসব বসতিতে পাঁচ লাখেরও বেশি ইহুদিবাদী বসবাস করছে।#
captcha