ukbdnews এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : তবে, রোহিঙ্গা ব্লগার ডটকম নামে রোহিঙ্গা মুসলমানদের একটি ওয়েব সাইটে এ ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে। দক্ষিণ মংডুর বাগগোনা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহত ব্যক্তির নাম রফিক বলে জানানো হয়েছে। খবরে ওই কৃষকের মৃত্যু সম্পর্কে ভিন্ন তথ্য দেয়া হয়েছে।
এতে বলা হয়েছে, গরু-ছাগল নিয়ে ফিরে আসার পথে কানথাইয়ার গ্রামের কাছে চার সেনা ও একই গ্রামের স্থানীয় কয়েকজন সন্ত্রাসী রফিকের গৃহপালিত পশুগুলো ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় রফিক দ্রুত পালিয়ে আসার চেষ্টা করলে সেনারা তাকে লক্ষ্য করে গুলি চালায়। তার দেহে চারটি গুলি লাগে। সেনাবাহিনী আহত রফিককে গুম করার চেষ্টা করে ব্যর্থ হয়ে তাকে হাসপাতালে পাঠায়। সেখানে একজন ডাক্তার ইনজেকশন দেয়ার পর রফিক মারা যান। ময়না তদন্ত শেষে তার মৃতদেহ ফেরত দেয়া হয় বলে পার্শ্ববর্তী গ্রাম থেকে পাওয়া খবরে জানা গেছে।
কানথাইয়ার গ্রামের সেনা শিবিরের কমান্ডারের নাম মেজর ই উইন অং বলে উল্লেখ করা হয়েছে।
১৯৪৮ সালে মিয়ানমার স্বাধীনতা লাভের পর থেকে রোহিঙ্গা মুসলমানরা নির্যাতন ও উপেক্ষার পাত্রে পরিণত হয়েছে। সম্প্রতি দেশটির সরকারের প্রত্যক্ষ মদদে উগ্রবাদী বৌদ্ধদের হামলায় হাজার হাজার রোহিঙ্গা মুসলমান নিহত ও কয়েক লাখ মানুষ ঘর-বাড়ি ছাড়া হয়েছে।
জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এর নিন্দা ও প্রতিবাদ জানালেও মিয়ানমার সরকার তা আমলে নিচ্ছে না। মিয়ানমারের কথিত গণতন্ত্রীপন্থী বিরোধী নেত্রী অং সান সুচিও এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেননি।#