বারাসা’র বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : আল-আযহার বিশ্ববিদ্যালয়ের প্রধান ড. আহমাদ আত-তাইয়্যেব সম্প্রতি মিশরে ইরাকি একটি প্রতিনিধি দলের সাথে সাক্ষাতের পর এ মতামত ব্যক্ত করে বলেছেন, যখন মুসলমানদের মাঝে ঐক্যের প্রয়োজন তীব্রভাবে অনুভূত হচ্ছে তখন ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে। বর্তমানে ঐক্যের বিষয়টি মুসলিম উম্মাহ’র জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমরা ঐক্য ছাড়া কখনই মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম নই।
কিছু কিছু স্যাটালাইট চ্যানেল হতে প্রচারিত অনুষ্ঠানে শিয়াদেরকে কাফের আখ্যায়িত করার বিরোধিতা করে তিনি বলেন : আমরা এর বিরোধী এবং শিয়াদেরকে কাফের আখ্যায়িত করার বিষয়টি অগ্রহণযোগ্য। পবিত্র কুরআন ও ইসলাম ধর্মের কোথাও এমন বিষয়ের সন্ধান পাওয়া যায় না।
তিনি আরো বলেন : আমরা শিয়াদের পেছনে নামায পড়বো এবং শিয়াদের নিকট অপর একটি কুরআন আছে বলে যে অপবাদ তাদের উপর আরোপ করা হয় তা ভিত্তিহীন। যে কুরআন অন্য মুসলমানদের নিকট রয়েছে সেটাই শিয়াদের নিকট রয়েছে।#1253766