IQNA

মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিরসনে সৌদি উস্কানি বন্ধ করা দরকার: জারিফ

13:18 - January 07, 2016
সংবাদ: 2600060
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মধ্যপ্রাচ্যের বিরাজমান উত্তেজনা নিরসনের জন্য সৌদি আরবের উস্কানি দেয়া অবশ্যই বন্ধ করতে হবে।

বার্তা সংস্থা ইকনা: ইরান সফররত ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আজ-জাফারির সঙ্গে রাজধানী তেহরানে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন। জারিফ বলেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য ইরান গত আড়াই বছরে যেসব পদক্ষেপ নিয়েছে সৌদি আরব সেগুলোর বিরুদ্ধে নানা পদক্ষেপ নিয়েছে। তিনি সৌদি কর্মকর্তাদেরকে সতর্ক করে বলেন, উত্তেজনা বাড়াতে পারে এবং সংকট আরো ঘনীভূত হতে পারে এমন কোনো পদক্ষেপেই তারা লাভবান হবেন না। নেতিবাচক পদক্ষেপ বাদ দিয়ে জাওয়াদ জারিফ সন্ত্রাসবাদ, চরমপন্থা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারাই সন্ত্রাসবাদ ও চরমপন্থা উসকে দেয়ার কাজে পা বাড়াবে তাদের জন্যই তা ব্যুমেরাং হবে। তিনি পরিষ্কার করে বলেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু ইস্যুতে ইরান যে চুক্তি করেছে তা বানচাল করার জন্য সৌদি আরব ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে এক হয়ে কাজ করছে। এমনকি সৌদি শাসকরা তেলের দাম কমিয়ে দিয়েছে ইরানকে ক্ষতিগ্রস্ত করার জন্য। জাওয়াদ জারিফ বলেন, ইরান এতদিন ধরে এসব কাজ সহ্য করেছে শুধুমাত্র মধ্যপ্রাচ্যের শান্তি ধরে রাখার জন্য।

তিনি বলেন, "তেহরানে সৌদি দূতাবাস ও মাশহাদ শহরে ও কন্স্যুলেট অফিসে যে ঘটনা ঘটেছে তাও কোনোভাবে গ্রহণযোগ্য নয়। শনিবার রাতের ঘটনার বিরুদ্ধে ইরানের সব কর্মকর্তা কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন।দূতাবাস ও কন্স্যুলেট অফিসে বিক্ষুব্ধ লোকজনের চড়াও হওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা আইন ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে সরকার আন্তরিকভাবে ব্যবস্থা নেবে। তিনি জানান, সৌদি কূটনীতিকদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আজ-জাফারি শিয়া আলেম শেখ নিমরকে শিরোশ্ছেদ করার বিরুদ্ধে তীব্র নিন্দা জানান। তিনি বলেন, শেখ নিমর এমন একজন ব্যক্তি ছিলেন যিনি অস্ত্রের ব্যবহার ছাড়াই সংস্কার চেয়েছেন। তেহরান-বাগদাদ সম্পর্ককে তিনি অত্যন্ত আন্তরিকতাপূর্ণ বলে উল্লেখ করেন। সূত্র:রেডিও তেহরান

http://iqna.ir/fa/news/3465405

captcha