IQNA

রক্ষণশীলরা সারাদেশে এগিয়ে, সংস্কারপন্থিরা তেহরানে

21:06 - February 28, 2016
সংবাদ: 2600361
আন্তর্জাতিক ডেস্ক: আজ (রোববার) সকাল নাগাদ শতকরা প্রায় ৯০ ভাগ ভোট গণনা সম্পন্ন হয়েছে।
বার্তা সংস্থা ইকনা: ইরানে শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনের সর্বশেষ ভোট গণনার ফলাফলে দেখা যাচ্ছে সারাদেশে রক্ষণশীল প্রার্থীরা সংস্কারপন্থিদের চেয়ে এগিয়ে রয়েছেন। তবে তেহরানে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন সংস্কারপন্থিরা। শুক্রবার একযোগে ইরানের ১০ম পার্লামেন্ট ও ৫ম বিশেষজ্ঞ পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ইরানের নির্বাচনি কর্মকর্তারা জানিয়েছেন, আজ (রোববার) সকাল নাগাদ শতকরা প্রায় ৯০ ভাগ ভোট গণনা সম্পন্ন হয়েছে। রাজধানী তেহরানে পার্লামেন্টের ৩০ আসনের সবগুলোতে সংস্কারপন্থি প্রার্থীরা বিজয়ী হয়েছেন; অবশ্য বাকি ১০ ভাগ কেন্দ্রের ভোট গণনা শেষ হলে এই ফলাফলে ছোটখাট পরিবর্তন আসতে পারে। তেহরানের এই ৩০ আসনসহ সারাদেশে পার্লামেন্টের মোট আসন ২৯০টি। কোনো কোনো সূত্র জানিয়েছে, সারাদেশের শতকরা প্রায় ৬০ ভাগ আসনে এগিয়ে রয়েছেন রক্ষণশীলরা।
তেহরানের নির্বাচিত প্রার্থীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ রেজা আরেফ। তারপরে অবস্থান করছেন যথাক্রমে আলী মোতাহারি, আলীরেজা মাহজুব, সোহেইলা জেলোদারযাদে এবং ইলিয়াস হজরতি।
এদিকে বিশেষজ্ঞ পরিষদের নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে, তেহরান শহরে প্রথম স্থান পেয়েছেন নীতি নির্ধারণী পরিষদের প্রধান ও সাবেক প্রেসিডেন্ট আকবর হাশেমি রাফসানজানি এবং দ্বিতীয় স্থানে রয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানি। এই দু’জনের পরবর্তী তিন স্থান অধিকার করেছেন যথাক্রমে মোহসেন কোমি, মোহাম্মাদ আগা ইমামি ও মোহাম্মাদ আলী মোভাহ্‌হেদি।
শুক্রবারের নির্বাচনে নিবন্ধিত ভোটার ছিলেন পাঁচ কোটি ৫০ লাখ; এদের মধ্যে ভোট দিয়েছেন তিন কোটি ৩০ লাখ ভোটার।#
সূত্র: রেডিও তেহরান

captcha