আন্তর্জাতি ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন, ইসলামের শত্রুরা রাজনৈতিক উদ্দেশ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুদ্ধ ছড়িয়ে দিয়েছে। আজ (বৃহস্পতিবার) ইরানের বিশেষজ্ঞ পরিষদের সভাপতি ও সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি আরও বলেন, ইসলামের শত্রুরা মাজহাবগত পার্থক্যকে ধর্মীয় বিরোধে রূপ দেয়ার চেষ্টা করছে যাতে সহজেই দ্বন্দ্ব-বিদ্বেষের অবসান না ঘটে। শত্রুদের অসৎ ও ভয়ানক উদ্দেশ্য যাতে কোনোভাবেই সফল না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
এ সময় তিনি সাম্প্রতিক সংসদ ও বিশেষজ্ঞ পরিষদ নির্বাচনে ইরানি জনগণের ব্যাপক উপস্থিতির প্রশংসা করেন। তিনি বলেন, নির্বাচনে ব্যাপক সংখ্যায় অংশ নিয়ে ইরানিরা ইসলামি শাসন ব্যবস্থার প্রতি পুনরায় সমর্থন ঘোষণা করেছেন। সূত্র: আইআরআইবি#