IQNA

ইয়েমেনে বেসামরিক অবস্থানে সৌদি হামলা: আনসারুল্লাহর প্রতিক্রিয়া

23:07 - March 11, 2016
সংবাদ: 2600431
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের নেতৃত্বে আরব সামরিক জোট ইয়েমেনের বিভিন্ন স্থানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। তবে তাদের মূল লক্ষ্য বেসামরিক স্থাপনা ও সাধারণ মানুষ। অন্যদিকে স্থল পথেও দখলদার সেনাদের সঙ্গে ইয়েমেনের যোদ্ধাদের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে।
ইয়েমেনে বেসামরিক অবস্থানে সৌদি হামলা: আনসারুল্লাহর প্রতিক্রিয়া

 বার্তা সংস্থা ইকনা: আল মাসিরা টিভি চ্যানেল জানিয়েছে, সৌদি জঙ্গিবিমান ইয়েমেনের মাআরিব প্রদেশের সারাওয়াহ এলাকায় কয়েক দফা বোমা বর্ষণ করেছে। এসব হামলায় অনেক বেসামরিক মানুষ নিহত এবং আবাসিক এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের স্যাটেলাইট টিভি চ্যানেল আল আলম জানিয়েছে, লাহাজ প্রদেশের আল কাবিতে এলাকায় গতকালের ভয়াবহ বিমান হামলায় একই পরিবারের সব সদস্য নিহত হয়েছে।

 ইন্টারনেট ভিত্তিক নিউজ চ্যানেল আল আহাদ অপর এক খবরে জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় তায়েজ প্রদেশের মাসরাখ এলাকায় একটি মসজিদে সৌদি বিমান হামলায় অনেক মুসল্লি নিহত হয়েছে। এদিকে, ইয়েমেন থেকে অপর এক খবরে বলা হয়েছে, আনসারুল্লাহ গণবাহিনী ও সেনাবাহিনী পূর্ব ইয়েমেনের মাআরিব প্রদেশে সৌদি সামরিক ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে আগ্রাসী বাহিনীর বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

 এ ছাড়া, উত্তর ইয়েমেনের আল জোফ প্রদেশের আল খানজারে সৌদি ঘাঁটিতে ইয়েমেনি যোদ্ধাদের হামলায় বেশ ক’জন সৌদি অনুচর নিহত এবং তাদের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

ইয়েমেন বিরোধী আরব সামরিক জোটের মুখপাত্র আহমদ আসিরি আনসারুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির খবর অস্বীকার করে বলেছেন, ইয়েমেনের ব্যাপারে লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত সৌদি আরব ও তার মিত্ররা হামলা চালিয়ে যাবে। গত বুধবার সৌদি আরবের একটি বার্তা সংস্থা জানিয়েছে, আরব সামরিক জোট যখন ইয়েমেনের সঙ্গে সীমান্তে যুদ্ধবিরতির ব্যাপারে সম্মত হয়েছে ঠিক তখন সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র ইয়েমেনের সঙ্গে যুদ্ধবিরতির কথা অস্বীকার করলেন।

 আল আরাবিয়াসহ সৌদি আরবের অন্যান্য গণমাধ্যম ইয়েমেনের সঙ্গে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা মেনে নেয়ার কথা জানিয়ে বলেছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী রাজনৈতিক উপায়ে ইয়েমেন সংকট সমাধান করাই এ যুদ্ধবিরতির উদ্দেশ্য। এদিকে গতকাল ইয়েমেনের বিভিন্ন উপজাতি নেতারা সৌদি আরব ও তাদের অনুচরদের আগ্রাসন মোকাবেলায় নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখার এবং যুদ্ধের জন্য পূর্ণ প্রস্তুত থাকার আহবান জানিয়েছেন।

 ইয়েমেনের আনসারুল্লাহর রাজনৈতিক শাখার কর্মকর্তা জইফুল্লাহ শামি আল আলম টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে বলেছেন, যুদ্ধ বন্ধের জন্য তারা যে কোনো আলোচনাকে স্বাগত জানাবে কিন্তু তাই বলে ইয়েমেনের জনগণের ন্যায্য অধিকার প্রশ্নে তারা কোনো আপোশ করবে না। আনসারুল্লাহর এ কর্মকর্তা আরো বলেছেন, শত্রুর সঙ্গে সংলাপ যে কোনো যুদ্ধের স্বাভাবিক নিয়ম। কিন্তু ইয়েমেনের বিপ্লবী সংগঠনগুলো আলোচনার টেবিলে সৌদি আরবের অন্যায় কর্মকাণ্ডের কাছে মাথা নত করতে প্রস্তুত নয়।

 সৌদি আরবসহ কয়েকটি আরব দেশ আমেরিকার সমর্থন নিয়ে গত বছরের মার্চ থেকে ইয়েমেনে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে। পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ইয়েমেনের ক্ষমতায় না বসানো পর্যন্ত এ হামলা চলবে বলে তারা জানিয়েছে। এসব হামলায় এ পর্যন্ত ইয়েমেনের নারী শিশুসহ হাজার হাজার মানুষ নিহত হয়েছে। অসংখ্য মানুষ শরণার্থীতে পরিণত হয়েছে এবং ধ্বংস হয়েছে দেশটির অসংখ্য অবকাঠামো ও চিকিৎসা কেন্দ্র। সূত্র: আইআরআইবি#

captcha