IQNA

ইসরাইলি বাহিনীর বর্বরতা চলছে: আরো ২ ফিলিস্তিনি শহীদ

23:52 - March 17, 2016
সংবাদ: 2600466
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের কেন্দ্রস্থলে ইহুদিবাদী ইসরাইলি বাহিনী আরো দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি বাহিনী এবং ফিলিস্তিনি বিক্ষোভকারীদের মধ্যে যখন সংঘর্ষ চলছে তখন এই দুই ফিলিস্তিনির শাহাদাতের খবর এলো।
ইসরাইলি বাহিনীর বর্বরতা চলছে: আরো ২ ফিলিস্তিনি শহীদ
 

বার্তা সংস্থা ইকনা: ফিলিস্তিনের সালফিত শহরের উপকণ্ঠে অবস্থিত ইসরাইলের অবৈধ বসতি 'এরিয়েল'র কাছে ইসরাইলি বাহিনী আজ (বৃহস্পতিবার) ওই দুই ফিলিস্তিনির ওপর কয়েক ডজন গুলি চালিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ছুরিকাঘাতের কথিত অভিযোগে তাদেরকে হত্যা করা হয়েছে বলে ইসরাইলি বাহিনী দাবি করেছে। আরবি ভাষার মা'ন সংবাদ সংস্থা এ খবর দিয়েছে।

 

ইসরাইলি সামরিক বাহিনীর এক মুখপাত্র দাবি করেছেন, হামলায় এক ইসরাইলি নারী আহত হয়েছে। তবে আহত অবৈধ ইহেদি বসতি স্থাপনকারী ওই নারী সম্পর্কে বিস্তারিত কিছু জানান নি ওই মুখপাত্র।

 

এছাড়া, দুই সপ্তাহ আগে জেরুজালেম খ্যাত ফিলিস্তিনের আল -কুদস শহরের কাছে অবস্থিত কালানদিয়া শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনীর অভিযানে আহত এক ফিলিস্তিনি মারা গেছেন বলে মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। আল- কুদসের হাদাসাহ হাসপাতালে চিকিংসাধীন অবস্থায় আজ ফিলিস্তিনি কিশোর নাহিদ ফাওজি ইমতিয়ার মারা যান বলে জানান তারা।

 

গত আগস্ট মাসের শেষ দিকে ইহুদিবাদী সেনারা আল-আকসা মসজিদ চত্বরে ফিলিস্তিনি মুসল্লিদের নামাজ পড়তে বাধা দেয়। এরপর থেকে জর্দান নদীর পশ্চিম তীরে ইসরাইল বিরোধী কুদস-ইন্দিফাদা বা কুদস-গণজাগরণ চলছে। অক্টোবর মাস থেকে ইহুদিবাদী বাহিনী এবং ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ চলছে এবং এতে নারী ও শিশুসহ এ পর্যন্ত অন্তত ২০৪ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এ সময়ে ইসরাইলি বাহিনীর হামলায় আহত হন আরো বহু ফিলিস্তিনি। সূত্র: রেডিও তেহরান
captcha