আন্তর্জাতকি ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এবং তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান রাজধানী আংকারায় বৈঠক করেছেন। তুর্কি নগরী ইস্তাম্বুলে ইসলামি সহযোগিতা পরিষদ বা ওআইসি’র ১৩তম শীর্ষ সম্মেলন শেষ হওয়ার একদিন পরই এ বৈঠক অনুষ্ঠিত হয়।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, সন্ত্রাসবাদ এবং সাম্প্রদায়িকতা মধ্যপ্রাচ্যের জন্য বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। তিনি আরো স্বীকার করেন, আঞ্চলিক বিষয়ে ইরান এবং তুরস্কের মধ্যে কিছু মত পার্থক্য রয়েছে। অবশ্য উভয়পক্ষই ইরাক ও সিরিয়ায় রক্তপাত বন্ধ করতে ইচ্ছুক বলে জানানো হয়।
অন্যদিকে রুহানি বলেন, ওআইসিকে দুটো প্রধান লক্ষ্য নিয়ে এগোতে হবে। মুসলমান বিশ্বের সংহতি এবং ফিলিস্তিনিদের অধিকার বাস্তবায়নকে এ দুই লক্ষ্য হিসেবে তুলে ধরেন তিনি। ওআইসি যতদিন এ দুই লক্ষ্যের প্রতি সমর্থন দেবে ইরান ততদিন পর্যন্ত মুসলমানদের এ বিশ্ব সংস্থার প্রতি সমর্থন ঘোষণা করবে বলে ঘোষণা করেন প্রেসিডেন্ট রুহানি।
এদিকে, ইসলামি সমাজে নারী ভূমিকা জোরদার করা, সহিংসতা, সন্ত্রাসবাদ এবং উগ্রবাদের বিরুদ্ধে সংগ্রাম ও মুসলমান বিশ্বে সংহতি জোরদার করার বিষয়ে এর্দোগানের সঙ্গে আলাপ হয়েছে বলে জানান তিনি।
ইস্তাম্বুলে বৃহস্পতিবার এবং শুক্রবার অনুষ্ঠিত দু’দিনের ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন প্রেসিডেন্ট রুহানি। সূত্র: রেডিও তেহরান#