IQNA

‘প্রতিরোধ আন্দোলনকে ধ্বংস করতে দায়েশ সৃষ্টি করেছে আমেরিকা’

11:27 - May 13, 2016
সংবাদ: 2600767
আন্তর্জাতিক ডেস্ক : নাসরুল্লাহ বলেন: আজকের দিনে আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল এবং পাশ্চাত্যের একটি সমস্যা রয়েছে এবং এ সমস্যা হলো প্রতিরোধের অক্ষ।
পার্সটুডে'র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, প্রতিরোধ আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে আমেরিকা এবং দায়েশ। ইহুদিবাদী ইসরাইল-বিরোধী প্রতিরোধ চেতনা বিনষ্ট করার লক্ষ্যে আমেরিকা ও তার মিত্ররা মধ্যপ্রাচ্যে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশসহ বর্বর সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে লালন করছে বলেও জানান তিনি। আজ(বৃহস্পতিবার) দেয়া এক ভাষণে এ সব কথা বলেন তিনি।
তিনি বলেন, আজকের দিনে আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল এবং পাশ্চাত্যের একটি সমস্যা রয়েছে এবং এ সমস্যা হলো প্রতিরোধের অক্ষ। ইরান, সিরিয়া, লেবানন এবং ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনকে নিয়ে এ অক্ষ গড়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি।
দায়েশ সৃষ্টির জন্য আমেরিকাকে দায়ী করেন হাসান নাসরুল্লাহ। তিনি বলেন, ওয়াশিংটন নিজ মতলব হাসিলের  লক্ষ্যে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীকে ব্যবহার করছে। তিনি আরো বলেন, ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের এবং মধ্যপ্রাচ্যে বিদেশি আধিপত্যের বিরোধিতা করে যেসব মানুষ তাদের সঙ্গেই পাশ্চাত্যের সমস্যা রয়েছে। তিনি বলেন, পাশ্চাত্য ঐক্যবদ্ধ ইসলামি উম্মাহ দেখতে চায় না।
এ ছাড়া, গত ৪৮ ঘণ্টার ইরাকের রাজধানী বাগদাদে দায়েশের বোমা হামলায় ৯০ জনের বেশি নিহত হওয়ার ঘটনারও নিন্দা জানান নাসরুল্লাহ। দায়েশের সন্ত্রাসী তৎপরতাকে বর্বরোচিত বলে অভিহিত করেন তিনি।#3497425

captcha